হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে পিকআপ ও ব্যাটারি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরোও ৭ জন। আহত ৭ জনের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে এলেঙ্গা-জামালপুর মহাসড়কের কালিহাতী আরএস পাইলট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার বীর বাসিন্দা ইউনিয়নের রিমা আক্তার (৩০), কালিহাতী পৌরসভার উত্তর বেতডোবা গ্রামের আজান আলীর ছেলে রমজান আলী (৫৫)।
স্থানীয়রা জানান, সকালে একটি পিকআপ মধুপুরের দিকে যাচ্ছিল। পথে পিক-আপটি মহাসড়কের কালিহাতী আর এস পাইলট স্কুলের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো চালকসহ ২ জন নিহত হয়। এ ঘটনায় আহত ৭ জনের ৫ জনকে উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত ২ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পিকআপ চালক পলাতক রয়েছেন। পিকআপ ও অটোরিকশা জব্দ করে থানায় নেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ২টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
