শরীর দুর্বল, ওষুধ খেলেই বমি হচ্ছে: পরীমণি

গত রোববার (২৭ মার্চ) বিকেলে আহত হয়ে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে ভর্তি হন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। নায়িকা নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালে চিকিৎসারত নিজের হাতের একটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে দেখা যায়, তার শরীরে রক্ত দেওয়া হচ্ছে। ছবি ক্যাপশনে নায়িকা লেখেন, ‘একটি দুর্ঘটনা’।

ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, পাঁচ দিন হাসপাতালে থাকার পর বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেলে বাসায় ফিরেছেন পরী। তার শারীরিক অবস্থাও এখন আগের চেয়ে অনেক ভালো। পরীমণি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

পরীমনি বলেন— ‘হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর গতকাল বিকালে বাসায় ফিরেছি। শরীর এখনো পুরোপুরি সুস্থ না, বিশ্রাম নিচ্ছি। তবে আগের তুলনায় অনেকটাই ভালো আছি।’

পরীমনির শরীরে হিমোগ্লোবিন কমে গিয়েছিল। তা ছাড়া ভিটামিন ডি ও কম ছিল। স্বাভাবিকভাবে এখনো শারীরিকভাবে দুর্বল বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

ডাক্তারের বরাত দিয়ে তিনি বলেন— ‘ঠিকঠাকমতো ওষুধ খেতে বলেছেন ডাক্তার। কিন্তু সমস্যা হলো, ওষুধ খেলেই বমি হচ্ছে। আর সে কারণে শরীরটা দুর্বল।’

অনাগত সন্তানের বয়স ১৮ সপ্তাহ পার হয়েছে। প্রায়ই বমি হওয়ার কারণে বেশ কিছুদিন থেকে শরীরটা দুর্বল ছিল পরীমনির। গত ২৭ মার্চ সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। তবে অনাগত সন্তানের কোনো ক্ষতি হয়নি।

এ বিষয়ে পরীমনি বলেন, ‘পড়ে যাওয়াতে পেটের এক পাশে বেশি লেগেছিল। বাচ্চার কোনো ক্ষতি হলো কি না, আমি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। অনেকগুলো পরীক্ষা করার পর ডাক্তার বলেন, সমস্যা হয়নি।’

গত ১১ মার্চ মুক্তি পেয়েছে পরীমণি ও শরিফুল রাজ অভিনীত সিনেমা ‘গুণিন’। এই সিনেমার কাজ করতে গিয়েই তারা একে-অপরের প্রেমে পড়েন এবং ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করে ঘর বাঁধেন। পরীমণি এখন অন্তঃসত্ত্বা। প্রথমবারের মতো সন্তানের মুখ দেখার অপেক্ষায় আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *