এ প্রজন্মের অন্যতম সফল, জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদ। দুই দশকের ক্যারিয়ারে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি।
আসছে পহেলা বৈশাখে প্রথমবারের মতো বৈশাখের গান নিয়ে আসছেন হাবিব। যে গানে তুলে ধরা হয়েছে বাংলার বৈশাখের ঐতিহ্য ও উৎসবের আমেজ। হাবিবের এই গানের তালে তালে নেচেছেন ঢালিউড কিং শাকিব খান। সঙ্গে আছেন পূজা চেরি।
এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমার এই গানে হাবিব ছাড়াও কণ্ঠ দিয়েছেন নবীন গায়িকা জারিন। হাবিবের হাত ধরে সিনেমাটির দুটি গান দিয়েই তার প্লেব্যাকে অভিষেক হচ্ছে।
হাবিবের সুর-সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক। যিনি এর আগে হাবিবের তুমুল জনপ্রিয় ‘হৃদয়ের কথা’, ‘পৃথিবীর যত সুখ’, ‘কেন এমন হয়’সহ আরও একাধিক গানের কথা লিখেছেন।
বৈশাখের এই গানটির কয়েকটি লাইন-‘আজ এই খুশির দিনে, সবাই মিলে সাজাই সুখের ডালা/আছে স্বপ্ন যত, আজ ইচ্ছেমতো পূরণ হবার পালা/পুতুল খেলা, যাত্রাপালা, রং-বেরঙের চুড়ি মালা, ঢোলের তালে লাগলো দোলা, নাচে-গানে জমবে মেলা।’
এস এ অলিক জানান, গানটির শিরোনাম ‘জমবে মেলা’। পহেলা বৈশাখকে সামনে রেখে ৮-৯ এপ্রিলের দিকে একটি ইউটিউব চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে।
তিনি বলেন, ‘সিনেমার গল্পের সঙ্গে মিল রেখে দারুণ একটি গান করেছেন হাবিব। তার সঙ্গে নতুন গায়িকা জারিনের গায়কীও আমার মনে ধরেছে। সিনেমায় এর চিত্রায়নও দর্শক-শ্রোতাদের বাড়তি আনন্দ দেবে। বিশেষ করে হাবিবের গানের সঙ্গে শাকিবের নাচ সবাই উপভোগ করবেন আশা করি।’
উল্লেখ্য, আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা ‘গলুই’। ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।
গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও নৌকাবাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক।
অলিক বলেন, “শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে তিনি অভিনয় করছেন। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।”
জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব।
এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী; তারা ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরও অনেকে।
