আসিফ আকবর, দেশের অডিও গানে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন তিনি। একের পর এক সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছেন। দরাজ কণ্ঠের সুর ছড়িয়ে দিয়েছেন দেশের প্রতিটি প্রান্তে। তাই হয়তো ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন বাংলা গানের যুবরাজ।
দীর্ঘ ২১ বছরের ক্যারিয়ারে অসংখ্য হিট গান উপহার দিয়ে গানপ্রেমীদের মনে তিনি স্থায়ী আসন গেড়ে বসে আছেন। এতগুলো বছর পেরিয়ে, এত সাফল্যের পরও এই গায়কের আফসোস এবং ক্ষোভ, তিনি দীর্ঘ ১৬ বছর দেশের ভেতরে কোনো কনসার্ট করতে পারেন না।
বুধবার (৩০ মার্চ) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে সে কথাই জানিয়েছেন আসিফ আকবর। পাশাপাশি প্রকাশ করেছেন একরাশ ক্ষোভ এবং হতাশা।
তবে কেন তিনি দেশের ভেতরে কোনো কনসার্ট করতে পারেন না, সেই কারণটা অবশ্য প্রকাশ করেননি আসিফ। চলুন তবে দেখে আসি গায়ক কী লিখেছেন তার স্ট্যাটাসে-
কথা প্যাঁচিয়ে বলার অভ্যাসটা সলিডভাবে রপ্ত করতে পারিনি, তাই সরাসরিই লিখে জানাচ্ছি। বাংলাদেশ আমার মত অধম এক গায়ককে জন্ম দিয়েছে। আমার প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক অনেক অনেক বেশী, আলহামদুলিল্লাহ। কোটি মানুষের ভীড়ে নিজেকে এভাবে দেখবো কখনো কল্পনাও করিনি। তোমার প্রতি কৃতজ্ঞ হে জন্মভূমি- আমার প্রানের বাংলাদেশ।
একুশ বছরের পেশাদার ক্যারিয়ারে ষোল বছর এদেশে ওপেন এয়ার কনসার্ট করতে পারিনা। অনুমতি নিতে নিতে উপযোগীতা ফুরিয়ে গেছে, পারছিনা মনতে বোঝাতে, অপমানিত হতে চাইনা আর। প্রতিদিন শো নিয়ে কথা বলা মানুষদের সঙ্গে দূরত্ব তৈরী করে ফেলেছি অলরেডী। অনেক আলাপ হয়, শো আর হয়না। আমি আমার দল- দি এ টিম এর সদস্যদের প্রতি কৃতজ্ঞ, তারা চৌদ্দ বছর আশায় বুক বেঁধে আছে ভাইয়ার শো আবার একদিন শুরু হবে ভেবে।
তোমাদের কাছে ক্ষমা চাই বয়’জ, আমি বুঝতে দেরী করে ফেলেছি। এদেশে কোন ধরনের মঞ্চেই আপাতত গান গাওয়া হবেনা আমার, তোমরাও মুক্ত হয়ে যাও শপথ থেকে। পাসপোর্ট প্রাপ্তি এবং সহি ইমিগ্রেশন ফর্মালিটিজ সম্পন্ন সাপেক্ষে দেশের বাইরে গান গাওয়ার কিছুটা সুযোগের আশঙ্কা এখনো টিমটিম করে জ্বলছে। যদি এটাও না হয়– তাহলে আমি নিজেকে কুইট করে নিলাম, কারো বিরক্তির কোন কারন হতে চাইনা।
মাইক্রোফোন আমার ড্রাগ, দর্শক শ্রোতা আমার আসল শক্তি, বেঁচে থাকার সুতীব্র আকর্ষণ। এগুলো অবশ্য অনেকদিন ধরে শুধুই গল্প। সব আশার আলো ঘৃনার বাষ্পে উড়ে গেছে। শুধুমাত্র রেকর্ডিং করে যাবো নিজের মত, ব্যস্ত থাকবো নিজেকে নিয়ে। পেশাদার শো কিংবা রেডিও টিভি পত্রিকা পারিবারিক আড্ডা সামাজিক অনুষ্ঠানে আর এক লাইন গান গাওয়ার জন্য অনুরোধ করে কেউ বিব্রত হবেন না, আমার কাছ থেকেও না শোনার জন্য অপেক্ষা করবেন না প্লীজ।
আপনাদের ভালবাসার কৃতজ্ঞতাপাশে আবদ্ধ আমি, আমৃত্যু এই প্রাপ্ত সম্মানকে সমুন্নত রাখার চেষ্টা করবো। যদি বেঁচে থাকি, সুস্থ্য থাকি, মনে শান্তি পাই, পরিবেশ ফিরে আসে-আবার ফিরবো আগুনের মত উত্তাপ নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন সুন্দর থাকুন।
