প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন আলোচিত-সমালোচিত নায়িকা ময়ূরী। তবে বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী। তবে সার্কাস নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি।
একটি সংবাদমাধ্যমকে ময়ূরী বলেন, চলতে গেলে সংসারে টাকা লাগবে। পেটের জন্যই তো আমরা সবাই পরিশ্রম করি। সিনেমার বর্তমান বাজার খুবই শোচনীয় পর্যায়ে, তাই সার্কাসে অভিনয় করি।
এই অভিনেত্রী জানান, সার্কাস দল লায়ন অলিম্পিক গ্রেট রওশন এর মতো দলের সঙ্গে প্রোগ্রাম করেন তিনি। ইতোমধ্যেই বগুড়া, লালমনিরহাট, হবিগঞ্জ ও সিরাজগঞ্জে শো করেছেন তিনি। প্রতিটি শোতে চিত্রনায়ক রবিন খান তার সহশিল্পী থাকেন।
চলচ্চিত্রের প্রযোজকদের প্রতি অভিযোগ করে ময়ূরী বলেন, অনেক প্রযোজক আমাকে দিয়ে সিনেমা বানিয়ে বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। কিন্তু আমার পারিশ্রমিকের পুরোটা পরিশোধ করেননি। লাখ লাখ টাকা প্রযোজকের কাছে পাওনা আছি। অনেক প্রযোজক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমি তাদেরকে মাফ করে দিয়েছি। কিন্তু এর বিনিময়ে মিডিয়া থেকে শুধু বদনাম পেয়েছি।
এফডিসিপাড়ার অনেকে বলেন, ময়ূরীকে বহুদিন কাজে নেন না কোনো পরিচালক। তাই তিনি এখন সার্কাস করেন। এর প্রতিবাদ করে নায়িকা বলেন, ‘আমাকে কেউ কাজে নেয় না- এটা ভুল। আমি কাজ ছেড়ে দিয়েছি। কয়েকদিন আগেও পরিচালক রাজু চৌধুরী আমাকে ছবির অফার করেছে। চলচ্চিত্র ছেড়ে দেওয়ার পরও প্রচুর অফার এসেছে। কিন্তু আমি করিনি।’
একসময়ের তুমুল ব্যস্ত একজন নায়িকা কেন চলচ্চিত্র ছেড়ে দিলেন? তার কী কোনো দুঃখ-কষ্ট বা অভিমান আছে? ময়ূরী বলেন, ‘না না এসব কিছু নেই। ২০০৭ সালে আমি যখন প্রথম বিয়ে করি, তখনই ডিক্লেয়ার দিয়ে অভিনয় ছেড়ে দেই। কারণ, আমার স্বামী চাইনি আমি চলচ্চিত্রে থাকি। এখন যার সঙ্গে থাকি, সেও চায় না আমি আবার চলচ্চিত্রে ফিরি।’
