ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আজ তার ৩১ তম জন্মদিন। অন্যান্য বছরের জন্মদিনের চেয়ে এই বছর তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ।
এই বছর জাতীয় স্বীকৃতিসহ বেশ কিছু পুরস্কার তাঁর ঘরে এসেছে। তা ছাড়া এ বছরই সন্তানের বাবা হতে চলেছেন সিয়াম। সব মিলিয়ে বেশ আনন্দঘন সময়ের মধ্য দিয়ে পার হচ্ছে তাঁর জন্মদিনটা।
সোশ্যাল মিডিয়ায় সহকর্মী-ভক্তদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। আলোচিত অভিনেত্রী শবনম ফারিয়া বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু তারা। তাই বিশেষ এই দিনে প্রিয় বন্ধুকে একটু অন্যরকমভাবেই শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেত্রী।
শবনম ফারিয়া তার পোস্টে লিখেছেন—‘দেখলাম সবকিছু ছেড়ে উচ্চশিক্ষার জন্য চলে গেলি আর ব্যারিস্টারি ডিগ্রি নিয়ে ফিরে এলি। তোকে হার্টথ্রব অভিনেতা হয়ে উঠতে দেখলাম, সোলমেটকে বিয়ে করতেও দেখলাম। তোকে এখন বাবা হতে দেখছি। তোকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতে দেখলাম। এ এক অন্যরকম আনন্দযাত্রা।’
বাবা হতে যাচ্ছেন সিয়াম আহমেদ। এ অভিনেতা যেমন সন্তানের অপেক্ষায় দিন গুণছেন, তেমনি বিষয়টি নিয়ে ফারিয়ারও উচ্ছ্বাসের শেষ নেই। তা জানিয়ে শবনম ফারিয়া লিখেন, ‘আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, কেবল ভালো সময়গুলোতে নয়, যখন আমার নিজের মুখ দেখতেও ইচ্ছে হয় না, সে সময়েও আমার সঙ্গে থাকার জন্য তোকে ধন্যবাদ। আমরা (আম্মু ও জাহিন) তোকে খুব ভালোবাসি। আর প্রথমবারের মতো ফুপি ডাক শোনার জন্য তর সইছে না।’
২০১১ সাল থেকে ২০২১ পর্যন্ত একটি জার্নির গল্প ছবিতে ছবিতে বলতে চেয়েছেন ফারিয়া। যা ভক্তদের মতো সিয়ামেরও চোখ এড়ায়নি। তাতে মন্তব্য করেছেন তিনি। এ অভিনেতা লিখেছেন—‘ছবিগুলো সুন্দর দোস্ত। কী এক যাত্রা! তোরা ভালো থাক।’
