হৃদয় শিকদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বিয়ারামারুয়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লাল মিয়া (৪৫) অর্নব স্পেশাল যাত্রীবাহী বাসের সুপারভাইজার। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ডমেরহাট এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অর্নব স্পেশাল নামের যাত্রীবাহী বাসটি ঘটনাস্থলে পৌছালে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত বাসের সুপারভাইজারসহ ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে বাসের সুপারভাইজার লাল মিয়া মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
