মঙ্গলবার সকালে ঋতুপর্ণা সেনগুপ্তের ফেসবুক পেড সরগরম। বিমানে উঠতে দেওয়া হয়নি টলিউডের প্রথম সারির অভিনেত্রীকে। নির্ধারিত বোর্ডিং টাইমের থেকে মিনিট ১৫ দেরি করে ফেলেছিলেন। আর সেই জন্য ফ্লাইট-মিস! বাতিল ভিন রাজ্যে নায়িকার শুটিং।
ফেসবুকে গোটা ঘটনার বিবরণ দিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। নীতিবোধ নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন খ্যাতনামা ওই বিমান সংস্থাকে। এবার বিকেল গড়াতেই সেই বিমানবন্দর-কাণ্ড নিয়ে আরেকটি পোস্ট শ্রীলেখা মিত্রর। তাতেই সরগরম নেটদুনিয়া।
শ্রীলেখা যদিও তাঁর পোস্টে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম করেননি। তবে, তাঁর লেখা দেখে আর কারও বুঝতে বাকি থাকেনি যে তাঁর নিশানায় ‘ঋতু’ ছাড়া আর কেউ নন!
অভিনেত্রী লেখেন, “ট্রেন হোক বা প্লেন, নিয়ম তো সবার জন্য এক মামা..।”
মঙ্গলবার সকালে ঋতুপর্ণার বিমানে না উঠতে পারার ঘটনা নিয়ে যেভাবে শোরগোল পড়ে গিয়েছিল, তার ঘণ্টাখানেকের মধ্যেই শ্রীলেখা মিত্রর এমন পোস্ট।
তাঁর পোস্টে সায় দিয়েছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, ‘সবকিছুতেই লেট লতিফ উনি। পরিচিতদের কাছে কখনো শুনিনি, কোনোদিন উনি টাইমে এসেছেন!’
শ্রীলেখার এই স্ট্যাটাস যে, ঋতুপর্ণাকে খোঁচা দিয়েই লেখা তাতে কোনো সন্দেহ নেই বলে মনে করছেন নেটিজেনরা। তবে এ কথা সত্যি নয় বলে দাবি করেছেন শ্রীলেখা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন—‘না, আমি কারো বিরুদ্ধে কিছু বলিনি। নিজের কথা মনে পড়ে গেলো। আমার জন্যও একবার বিমান দাঁড়ায়নি। কারণ আমি সময় মতো পৌঁছাতে পারিনি বোর্ডিং গেটে। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলাম কিন্তু আমি উপরে ছিলাম। নীচে ছিল বোর্ডিং গেট। আমার নাম ধরে ডেকেছিল। কিন্তু শুনতে পাইনি। তাই সময় মতো গেটে উপস্থিত হতে পারিনি। পরে আমাকে ছাড়াই বিমান উড়ে গেছে। কিন্তু আমি ‘শ্রীলেখা মিত্র’ বলে কোনো পোস্ট দেওয়ার কথা মাথায় আসেনি তখন, আসবেও না। তুমি যে-ই হও না কেন, কারো জন্য নিয়ম বদলাবে না।’
