প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশ সফররত বিশ্বনন্দিত ভারতীয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক এ আর রহমান।
মঙ্গলবার বিকালে গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত ‘এ আর রহমান কনসার্টে’ সংগীত পরিবেশনা করবেন এ আর রহমান।
বিসিবির আয়োজনে এ কনসার্টে তিনি বঙ্গবন্ধুর সম্মানে তৈরি বাংলা ও হিন্দি গানের পাশাপাশি তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বহুল কাঙিক্ষত এই কনসার্টে এআর রহমান গাইবেন ৩৫টি গান। অস্কারজয়ী এই শিল্পী তিন ঘণ্টা পারফর্ম করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কনসার্ট উপলক্ষে ইতোমধ্যে নতুন রূপে সেজেছে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম। বাইরে সবুজ আলোর মরিচবাতিতে মনে হবে কোনো বিয়েবাড়ি আর ভেতরে তৈরি করা হয়েছে অস্থায়ী কিছু স্থাপনা। পুরো স্টেডিয়ামজুড়েই রয়েছে লাইটিং। কনসার্ট আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিসিবি।
বিসিবি সূত্রে জানা গেছে, এই বিশেষ কনসার্টের উপস্থাপনায় থাকবেন বাংলাদেশি উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন।
