স্ত্রীর ইচ্ছা পূরণে বাঘ-সিংহের ডেরায় নিলয়

বিয়ের পর থেকেই স্ত্রীকে নিয়ে বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরে বেড়াচ্ছেন দেশীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ও মডেল নিলয়। কখনও পাহাড় বা কখনও সমুদ্রের পাড়ে গিয়ে নিজেদের নানান মুহূর্ত ফ্রেমবন্দি করে ফেসবুকেও শেয়ার করে থাকেন এই দম্পতি।

কদিন আগে তুরস্কে গেছেন নিলয় ও তার স্ত্রী হৃদি। সেখান থেকে দুজন উড়াল দেন সংযুক্ত আরব আমিরাতে। আর সেখানে গিয়েই বনের হিংস্র প্রাণী বাঘ-সিংহের ডেরায় ঢুকেছেন এই দম্পতি। শুধু তাই নয়, এসব প্রাণীর গায়ে হাতও বুলিয়েছেন দুজন।

রোববার (২৭ মার্চ) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে সংযুক্ত আরব আমিরাতের একটি ব্যক্তিগত চিড়িয়াখানায় বন্যপ্রাণী দেখতে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন নিলয়। স্ত্রীর ইচ্ছা পূরণেই সেখানে ঘুরতে যান এই অভিনেতা।

নিলয় বলেন, ‘দুবাইতে আসার প্রথম আকর্ষণই ছিল এই চিড়িয়াখানাটি দেখা। হৃদির ইচ্ছে ছিল সে বাঘ ও সিংহকে স্পর্শ করবে, তাদের সঙ্গে খেলবে! যদিও সবকিছু সম্ভব হয়নি। কিন্তু সব মিলিয়ে অভিজ্ঞতাটা বেশ রোমাঞ্চকর।’

নীলয় আরও জানান, দুবাই থেকে আজমানের দিকে যেতে এই ব্যক্তিগত চিড়িয়াখানাটির অবস্থান। তার দাবি, বাংলাদেশ থেকে এই প্রথম কেউ এই চিড়িয়াখানায় গিয়েছে।

এদিকে চিড়িয়াখানায় গিয়ে সিংকে আদর করতে গিয়ে হালকা ধাওয়া খেয়েছেন নীলয় ও হৃদি! তবে সিংহটি বাঁধা অবস্থায় থাকায় কোনো সমস্যা হয়নি। বরং দুজন বিষয়টি দারুণ উপভোগ করেছেন।

নিলয়ের স্ত্রী তাসনুভা তাবাসসুম হৃদি ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী। গত বছর ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমকে পরিণয় দিতে গত বছরের ৭ জুলাই পারিবারিকভাবে বিয়ে করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *