কষ্ট-দুঃখগুলো হোক শুধুই আমার: আসিফকে স্ত্রী

দেশের অডিও গানে দীর্ঘ সময় ধরে রাজত্ব করেছেন তিনি। একের পর এক সুপারহিট অ্যালবাম উপহার দিয়েছেন। দরাজ কণ্ঠের সুর ছড়িয়ে দিয়েছেন দেশের প্রতিটি প্রান্তে। খুব কম সংগীতশিল্পী আছেন, যাদের কণ্ঠ শুনেই যেকোনো মানুষ চিনে ফেলে। তিনি তাদের অন্যতম।

ভক্তরা তাকে ভালোবেসে ডাকেন বাংলা গানের যুবরাজ। হ্যাঁ, তিনি আসিফ আকবর। আজ ২৫ মার্চ জনপ্রিয় এই গায়কের জন্মদিন। জীবনের মাঠে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অর্থাৎ ৫০ বসন্ত পার করে ৫১-তে পা রেখেছেন।

বিশেষ এই দিনে সোশ্যাল মিডিয়ায় বইছে শুভেচ্ছা বন্যা। বলা যায়, আসিফ ডে পালন করছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। মিডিয়া অঙ্গনের বহু মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

আসিফের স্ত্রীও সামাজিক যোগাযোগমাধ্যমে লিখে ও ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তাকে।

আসিফের স্ত্রী বেগম সালমা আসিফ ফেসবুকে লিখেছেন, ‘ফিফটি (৫০) নট এ জোক… তাই না! সৃষ্টিকর্তা চাইলে সবই পাওয়া যায়। তোমার জন্মদিন শুভ হোক আসিফ। জন্মদিন নিয়ে অনেক পরিকল্পনা থাকলেও ৭/৮ বছর আগের আর ৭/৮ বছর পরের সময় অনেক বদলে গেছে।’

বেগম সালমা আসিফের ডাকনাম মিতা। কে বদলেছে কে বদলায়নি, তা ব্যাখ্যা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘যদিও আমি মিতু বদলাইনি এক বিন্দুও। কেন জানি না সব আগের মতো আছে শুধু নেই তুমি। তোমার মন মনন বদলেছে ঢের, যা আমার কল্পনার বাইরে।

‘ব্যক্তি মানুষ আর মনমানসিকতায় এসেছে পরিবর্তন। ট্রমা থেকে ট্রমায় গড়িয়েছি অনেকবার। এখন আর কোনো কিছুতে ট্রমায় পরি না। শুধু অপেক্ষা সেই সময়ের যা আমাকে অদৃশ্য করে দেবে।’

আসিফের জন্য প্রার্থনা করে মিতা লেখেন, ‘জন্মদিনের শুভ ক্ষণে শুধু নয় আমৃত্যু আশা করি, দোয়া করি, কল্পনায় রাখি, পৃথিবীর সমস্ত সুখ-আনন্দ থাকুক শুধুই তোমার। কষ্ট-দুঃখগুলো হোক শুধুই আমার। আলহামদুলিল্লাহ।

‘আমি মিতু যেখানেই থাকি থাকব শুধুই তোমার প্রয়োজনে অপ্রয়োজনে। এই মিতু এখনও সেই মিতুই আছে থাকবে আমৃত্যু শুধু বোঝার বাকি। শুভেচ্ছা শুভকামনা দোয়া আদর রইল অকৃত্রিম।’

প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর বায়োগ্রাফি ‘আকবর ফিফটি নট আউট’। লিখেছেন সোহেল অটল এবং প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর।

৩১ মার্চ বর্ণাঢ্য প্রকাশনা উৎসবের মধ্য দিয়ে বইটি প্রকাশনের পরিকল্পনা করছে সাহস পাবলিকেশন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *