সৃষ্টিকর্তা প্রেমের ভাষা বোঝেন: যশ

গোলাপি সালোয়ার পরেছেন নুসরাত জাহান। ওড়না দিয়েছেন মাথায়। তার সঙ্গে যশ দাশগুপ্ত পরেছেন সাদা টি-শার্টের সঙ্গে ডেনিম ব্লু জিনস। দু’জন একসঙ্গে গেছেন দরগায়। প্রার্থনা করেছেন, কবুতরকে খাদ্য দিয়েছেন, আবার শিশুদের হাতে বিলি করেছেন আইসক্রিম।

টালিউডের এই যুগল সম্প্রতি কলকাতার হযরত সৈয়দ আলী শাহর দরগায় গেছেন। এই পবিত্র যাত্রার একটি রিল ভিডিও বানিয়ে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। যশ সেটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সৃষ্টিকর্তা প্রেমের ভাষা বোঝেন। দয়ালু হোন, ভালোবাসা ছড়িয়ে দিন, সৃষ্টিকর্তাকে ভালোবাসুন, মানুষকে ভালোবাসুন।’

কিছুদিন আগে শবে বরাত উপলক্ষ্যেও দরগায় গিয়েছিলেন নুসরাত জাহান। সেদিন তিনি অসহায় মানুষকে সহযোগিতা করেছেন, দরগায় প্রবেশ করে প্রার্থনাও করেছেন।

গত বছর যশ-নুসরাতের সম্পর্ক নিয়ে চর্চার শেষ ছিল না। বিতর্ক এখন থিতিয়েছে। নুসরাত যশ-ঈশান আর কাজ নিয়ে বড়ই ব্যস্ত। ২০২১-র অগস্টে জন্ম হয় এই তারকা জুটির প্রথম সন্তানের। ছেলে ঈশানের বাবা যশ সেটাও প্রকাশ্যে জানিয়েছেন। যদিও অভিনেত্রীর সাফ কথা, ব্যক্তিগত জীবন নিয়ে জবাবদিহি করার কোনও প্রয়োজন তিনি বোধ করেন না!

মঙ্গলবার রাতে যশের সঙ্গে সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন নুসরাত। চলতি মাসেই একসঙ্গে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’র কাজ শেষ করেছেন যশ-নুসরাত। এছাড়াও ‘জয় কালী কলকত্তেওয়ালী’ ছবিতে অভিনয় করছেন নুসরাত। মা হওয়ার পর নিজের রেডিও শো হোস্ট করে ফেলেছেন ‘ইশক উইথ নুসরাত’। আপাতত তারকা দম্পতির সোশ্যাল মিডিয়া পিডিএ ভালোবাসার রঙ ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *