ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। সম্প্রতি মুক্তি পেয়েছে পরী ও রাজ অভিনীত ‘গুণিন’ সিনেমা। মুক্তির পর বেশ প্রশংসাও কুড়াচ্ছে এই সিনেমা। এবার একসঙ্গে বসে ছেলে ও বউয়ের সিনেমা দেখলেন পরীমনির শ্বশুর-শাশুড়ি।
ঢাকার স্টার সিনেপ্লেক্সে পরিবারের সবাই মিলে দেখেন এই সিনেমা। সিনেমা দেখা শেষ করে হলের বাইরে এসেই বউকে আদর মাখিয়ে গালে চুমু একে দিলেন শ্বশুর-শ্বাশুড়ি।
স্টার সিনেপ্লেক্স থেকে প্রদর্শনীর পরের সেই ছবি ফেসবুকে পোস্ট করেন পরীমণি। যা দেখেই অনুমান করা যাচ্ছে রাজের মা বাবা দুজনের অভিনয় দেখেই বেশ মুগ্ধ। এই মুগ্ধতাই প্রকাশ করলেন পুত্রবধুর সঙ্গে এমন একটি ফ্রেমে।
হাসান আজিজুল হকের ছোটগল্প ‘গুণিন’ থেকে নেওয়া হয়েছে এই সিনেমার গল্প। সিনেমা হলের জন্য ‘গুণিন’ সেন্সর পেয়েছিল ২০ ফেব্রুয়ারি। সেন্সর পাওয়ার পরপরই গত ৬ মার্চ ঘোষণা আসে ১১ মার্চ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
চিত্রনায়িকা পরীমনিকে গেল বছর ১৭ অক্টোবরে বিয়ে করেন শরীফুল রাজ। অনেকটা চুপিসারেই বিয়ে করেন তারা। অনুষ্ঠানে ঘনিষ্ঠজন ছাড়া তেমন কেউ টের পায়নি বিষয়টি। পরে চলতি বছরের ১০ জানুয়ারি পরী জানিয়েছেন, তিনি মা হতে যাচ্ছেন।
‘গুণিন’ কাজের সুবাদেই তাদের পরিচয়। সেখান থেকে বিয়ের সিদ্ধান্ত। শরীফুল রাজের সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে পরীমনি বলেন, ‘প্রথম বা শেষ বলে কিছু নেই। দুজন একসঙ্গে কাজ করেছি এবং ভালো কাজ করেছি। বলতে পারেন পর্দায় দুজনের রসায়ন জমে গেছে। এটাই বড় কথা।’
