নায়ক রাজ রাজ্জাকের বড় ছেলে নায়ক বাপ্পারাজ মন্তব্য করেছেন, চলচ্চিত্রের আঁতুড় ঘর বিএফডিসি আর ঘুরে দাঁড়াবে না। কারণ এফডিসিতে চলচ্চিত্র নির্মাণের মতো আর কেউ নেই।
বাপ্পারাজ বলেন, বর্তমানে যেসমস্ত সিনেমা নির্মাণ হচ্ছে এবং যারা সিনেমা নির্মাণ করছে তাদের কেউ আসলে প্রেম থেকে সিনেমা নির্মাণ করছেন না। আমার মনে হয় চলচ্চিত্র আর ঘুরে দাঁড়াবে না, আমি এ কথাটি লিখে দিতে পারি। তবে অন্য মিডিয়া থেকে সিনেমা নির্মাণ হবে। এফডিসি থেকে দর্শক দেখবে এমন সিনেমা নির্মাণের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না।
দীর্ঘদিন থেকেই পর্দায় নেই বাপ্পারাজ, সে বিষয়ে এই অভিনেতা বলেন, আমার রাগ, ক্ষোভ, অভিমান কিছুই নেই। আমি আমার বাবার অনুষ্ঠানে ২০১৭ সালে সব বলে দিয়েছি। আমাদের চলচ্চিত্রের দিন শেষ হয়ে গেছে। এখানে গুণীদের সম্মান দেওয়া হয় না।
এইবার দেখেন, শিল্পী সমিতির নির্মাচন নিয়ে কী ঘটে গেল এবং ঘটে যাচ্ছে। সবাই জানে। যেখান থেকে আমার সৃষ্টি সেখানেই আমাকে গাড়ি নিয়ে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। আমাদের জায়গায় আমাদের অনুমতি নিয়ে ঢুকতে হয় আসলে এটা কেমন কথা? এসব বিষয় নিয়ে আমি বিরক্ত।
চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো ভূমিকা আছে চলচ্চিত্রে? জানতে চাইলে বাপ্পারাজ বলেন, তার আগে একটা কথা বলি, কারা প্রতিনিধিত্ব করছে এখানে? এখানকার মানুষজন সরকারের কতদূর পর্যন্ত যেতে পারেন? তাদের কী সেইভাবে কোনো পরিচিতি আছে? কাদের সঙ্গে কথা বলবেন তারা? এখানে পরিচালক সমিতিতে আমজাদ হোসেনের মতো পরিচালক পাস করেননি। কাজী হায়াতের মতো মানুষের সম্মান দিতে পারি না। সেখানে কার কী ভূমিকার কথা বলবেন? শিল্পী সমিতিতে শিল্পীরা এসে বিশ্রাম নেবে, পড়াশোনা করবে, এটা তো রাজনীতির জায়গা না। কে বোঝাবে তাদের?
