ভ্যাপসা গরমে স্বস্তির খবর শোনাল আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার (২২ মার্চ) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। চাপ কেন্দ্রের কাছে সাগর মাঝারি মাত্রায় উত্তাল।
তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ক্রমেই শক্তিশালী হয়ে ওঠার রণে ভঙ্গ দিয়েছে গভীর নিম্নচাপটি। সোমবার বিকেল নাগাদ এবং পরে মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল বাংলাদেশ ও ভারতের আবহাওয়া অধিদপ্তর। শেষে মঙ্গলবার সকালে ‘সিস্টেম’টি আর ঘণীভূত না হয়ে দুর্বল হয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এটির ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার বিষয়টি নাকচ করে দিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তরও।
এটি মঙ্গলবার সন্ধ্যা নাগাদ দুর্বল অবস্থায় মিয়ানমারের উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
