বলিউডের বাদশা শাহরুখ খান বছরের পর বছর ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করছেন। তার টোল পড়া হাসি থেকে অনেকে চোখ ফেরাতে পারেন না।
‘কুচ কুচ হোতা হে’ তারকার ছবি, সংলাপ, নাচ-সবকিছুই সুপারহিট। তার পরবর্তী ছবি ‘পাঠান’-এর টিজার বের হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই বলছেন ‘কিং ইজ ব্যাক’।
কারণ সব মিলিয়ে চার বছর পর বড় পর্দায় আবার শাহরুখ খানকে দেখা যাবে। শাহরুখ খানের শেষ ছবি ছিল ‘জিরো’, যা মুক্তি পায় ২০১৮ সালে। পাঠান দিয়ে তার প্রত্যাবর্তন ভক্তদের জন্য আনন্দের খবর।
শাহরুখ খান চেয়েছিলেন দর্শকরা তারিখটি মনে রাখুক। তিনি জানিয়েছেন, আগামী বছরের ২৫ জানুয়ারি সিনেমা হলে দেখা হবে। তার সিনেমাটি হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে।
শাহরুখ খান এখন স্পেনে ‘পাঠান’ ছবির শুটিং করছেন। তবে এরই মধ্যে প্রকাশিত হয়েছে এই ছবিতে তার স্পেশাল লুক। আর সেই লুক নিয়ে আলোচনাও চলছে বেশ।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সিনেমাটিতে দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে দেখা যাবে। এছাড়াও ছবিটিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে সালমান খানকেও।
জানা গেছে, সিনেমাটিতে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে ভারতীয় গুপ্তচর সংস্থার অফিসারের ভূমিকায়। প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই অ্যাকশন থ্রিলার ছবিটি প্রযোজনা করছে যশরাজ ফিল্মস।
