গ্যাসের দাম বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত কারিগরি মূল্যায়ন কমিটি।
সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বিইআরসির গণশুনানিতে গ্যাসের দাম বৃদ্ধির সুপারিশ করেন কারিগরি মূল্যায়ন কমিটির আহ্বায়ক পরিচালক (গ্যাস) দিদারুল আলম।
পেট্রোবাংলা গ্যাসের দাম যে পরিমাণ বাড়ানোর প্রস্তাব করেছিল তার চেয়ে কম হলেও দাম বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাস বিক্রি হচ্ছে ৯ টাকা ৩৬ পয়সায়। সেই দাম প্রতি ঘনমিটারে ৩ টাকা ১১ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে কারিগরি মূল্যায়ন কমিটি।
এর আগে পেট্রোবাংলা বিইআরসির কাছে মিশ্রিত গ্যাসের পাইকারি ব্যয় (২০২২ সালে প্রতি ঘনমিটার) ১৫ দশমিক ৩০ টাকা থেকে বাড়িয়ে ২০ দশমিক ৩৫ টাকা করার প্রস্তাব দেয়।
তবে মূল্যায়ন কমিটি যাচাই-বাছাই করে দেখেছে এই ব্যয় বেড়ে দাঁড়াতে পারে ১২ দশমিক ৪৭ টাকা। একই সঙ্গে কমিটি মূল্যায়ন রিপোর্টে পেট্রোবাংলাকে অনুদান দেওয়ারও সুপারিশ করেছে।
এর আগে সবশেষ গ্যাসের দাম বৃদ্ধির আদেশে (২০১৯ সালে) পাইকারি দর প্রতি ঘনমিটার ১২ দশমিক ৬০ টাকা করা হয়। এর মধ্যে ইউনিট প্রতি ভর্তুকি দিয়ে ৯ দশমিক ৩৭ টাকায় বিক্রির নির্দেশ দেয় বিইআরসি।
চলতি বছরে সরবরাহ ব্যয় ১৫ দশমিক ৩০ টাকা বেড়ে দাঁড়াবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এ জন্য পেট্রোবাংলা ভোক্তা পর্যায়ে ২০ দশমিক ৩৫ টাকা করার দাবি জানায়।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই শুনানি করে। এ সময় কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল, সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, বজলুর রহমান, মোহাম্মদ আবু ফারুক উপস্থিত ছিলেন।
শুনানিতে বলা হয়, পেট্রোবাংলা ৮৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি আমদানির হিসাব ধরে গ্যাসের ঘনমিটার প্রতি ২০ টাকা ৩৬ পয়সা নির্ধারণের প্রস্তাব করেছে। কিন্তু কারিগরি কমিটি বলছে, এই পরিমাণ এলএনজি এখন আমদানিই হচ্ছে না। সুতরাং এখন পেট্রোবাংলার মিশ্রিত গ্যাসের দাম ১৫ টাকা ৩০ পয়সা।
কমিটির পক্ষ থেকে মূল্যায়ন কমিটির প্রধান দিদারুল আলম বলেন, ‘আমরা ২০২১-২০২২ অর্থবছরের গ্যাস আমদানির রিয়েল ডাটা যাচাই করেছি। সে হিসাবেই এই দামের সুপারিশ করেছি।
শুনানির শুরুতে বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘বিইআরসি প্রতিষ্ঠার পর থেকে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যহার নির্ধারণ করে আসছে। কমিশন হচ্ছে আধাবিচারিক ব্যবস্থা, এখানে যুক্তি ও প্রমাণের মাধ্যমে মূল্যহার নিধারণ করা হয়।
উল্লেখ্য, চারদিনের গণশুনানির পর ৩০ কার্যদিবসের মধ্যে গ্যাসের নতুন দাম জানাবে বিইআরসি।
