নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্নআয়ের মানুষের কাছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক নিত্য প্রয়োজনীয় পণ্য (চিনি, ডাল ও তেল) বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ মার্চ) বিকাল ৩টায় গয়হাটা ইউনিয়ন পরিষদ চত্বরে পুরো উপজেলাব্যাপী প্রথম এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান।
পণ্য কিনতে আসা ক্রেতা মো: শাহালম মিয়া বলেন, বাজার মূল্যের থেকে কম দামে পণ্য পাওয়ায় আমরা অনেক খুশি। এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমাদের আহসানুল ইসলাম টিটু এমপিকে।
এ প্রসঙ্গে গয়হাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামসুল হক বলেন, আমাদের গয়হাটা ইউনিয়ন দিয়েই পুরো নাগরপুর উপজেলায় টিসিবি’র ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হলো। আমাদের গয়হাটা ইউনিয়নে ফ্যামিলি কার্ড তালিকায় প্রায় ১ হাজার ৮০০ জন রয়েছে। সুতরাং, সুন্দর পরিবেশে এই কার্যক্রম চলছে।
উল্লেখ্য, নাগরপুর উপজেলায় সকল ইউনিয়নে প্রায় ১৬ হাজার ৪২৯ পরিবার দুই ধাপে ভর্তুকি মূল্যে তেল, চিনি, মশুর ডাল, ছোলা ও পিঁয়াজ পাবে। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) দুই দফায় ১ কোটি নিম্ন আয়ের পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের ভিত্তিতে পণ্য বিক্রয় করবে।
করোনাকালীন সময়ে বিভিন্ন শ্রেণীর মানুষকে নগদ সহায়তা দেওয়ার যে ডাটাবেজ প্রণয়ন করা হয়েছিলো তার মধ্যে ৩০ লাখ পরিবার ও সারাদেশে স্থানীয় জনপ্রতিনিধি ও জেলা প্রশাসনের সহায়তায় ৫৭ লাখ ১০ হাজার উপকারভোগী পরিবারের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছ। এর বাইরে ঢাকা সিটি করপোরেশনে ১২ লাখ এবং বরিশাল সিটি করপোরেশনে ৯০ হাজার উপকারভোগী রয়েছে। যাদের মধ্যে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি করবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা,প্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, টেক অফিসার মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা, টিসিবি ডিলার পুলক।
