আগামী ২০ মে মুক্তি পেতে যাচ্ছে পরিচালক রফিক শিকদারের সিনেমা ‘বসন্ত বিকেল’। এতে জুটি হয়েছে চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।
শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফিডিসির) সংবাদ সম্মেলনে প্রযোজক সামসুজ্জামান রিমন মুক্তির তারিখ ঘোষণা করেন।
এই সময় উপস্থিত ছিলেন পরিচালক সোহানুর রহমান সোহান, পরিচালক শাহীন সুমন, অভিনেত্রী অঞ্জনা, চিত্রনায়ক সাইমন সাদিক, চিত্রনায়ক জয় চৌধুরী ও ‘বসন্ত বিকেল’ সিনেমার শিল্পী ও কলাকুশলীরা।
কিন্তু সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই গণমাধ্যমকর্মীদের অপেক্ষায় রেখে কোনো প্রশ্নের জবাব না দিয়েই সজোরে বেরিয়ে যান চিত্রনায়িকা সুবাহ। পরিচালক রফিক শিকদার কয়েকবার ফোন করেও তাঁকে ফেরত আনতে ব্যর্থ হন।
পরে সুবাহর এ রকম আচরণে দুঃখপ্রকাশ করে সাংবাদিকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন চলচ্চিত্রের পরিচালক রফিক শিকদার।
বিষয়টি নিয়ে জানতে চাইলে চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ নজর২৪ কে বলেন- ”বসন্ত বিকেল’ সিনেমার প্রেস কনফারেন্সে আমার যাওয়ার কথাই ছিল না। আমি অসুস্থ ছিলাম। নির্মাতা বলেছেন বলেই গিয়েছি। অনুষ্ঠানের শেষ সময়ে গিয়েছি আপনিও জানেন। আর আমি গণমাধ্যমকর্মীদের অপমান করব কেন?’
সুবাহ যোগ করে আরও বলেন, সবাই এভাবে আমার পিছনে লাগে কেন বুঝি না। আমি কাল অসুস্থ ছিলাম, আর কথা বলতে গেলেই আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুলবে। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাইনি আমি। তাই কিছু না বলেই চলে এসেছি। এতে যদি সাংবাদিক বন্ধুরা কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি খুব সরি। আমি চাইনি সিনেমার প্রেস কনফারেন্সে গিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে তাই এভাবে চলে আসা।
