চট্রগ্রাম: সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের করা মামলায় হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও বিশ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
রোববার (২০ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসি আবদুল মজিদ এ রায় ঘোষণা করেন।
হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলাম চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ। রায় ঘোষণার সময়ে আদালতে উপস্থিত ছিলেন তিনি।
দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দিয়েছে আদালত।
আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী জমা দিতে মুফতি ইজাহারকে ২০১৩ সালের ৪ জুলাই নোটিশ ইস্যু করা হয়। তা গ্রহণ না করায় একই বছরের ৭ জুলাই দুদকের কর্মকর্তারা লালখান বাজার মাদ্রাসায় গিয়ে নোটিশ ঝুলিয়ে দেন। এরপরও বিবরণী না দেওয়ায় ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলশী থানায় মামলা করে দুদক।
২০১৪ সালের ২১ এপ্রিল মামলায় অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা দুদক চট্টগ্রাম অঞ্চল-১-এর উপপরিচালক এইচ এম আক্তারুজ্জামান। ২০১৪ সালের ১২ মে মুফতি ইজাহারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। সাতজন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।
