নারী ধন-সম্পদ অর্জন করলে বলা হয় পতিতা: প্রভা

এই পৃথিবীতে নারী হওয়া মোটেও সহজ নয়। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে নারীকে কীভাবে দোষারোপ করা হয়, সেটার বর্ণনা দিয়েছেন, টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শাড়ি পরা একটি ছবি দিয়ে নারী বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন প্রভা।

তিনি লিখেছেন, কোনো নারীর ডিভোর্স হলে বলা হয়, মেয়েটাই স্বামীকে ধরে রাখতে পারেনি। ধ.র্ষণের শিকার হলে প্রশ্ন ওঠে, কী পোশাক পরেছিল? কোনো নারী যদি ধন-সম্পদ অর্জন করে, তাহলে বলা হয় ‘পতিতা’! সন্তান খারাপ কাজ করলে, সব দোষ মায়ের, কারণ মা-ই সন্তানকে নষ্ট করেছে!

নারী বিদ্বেষের আরো কিছু উদাহরণ যুক্ত করেছেন প্রভা। তিনি আরো লিখেছেন- ছেলে সন্তান জন্ম না হলে, তারই দোষ, গর্ভে কোনো ছেলে নাই! বিধবা হলে, সে তার স্বামীকে মেরে ফেলেছে সম্পদের জন্য। গার্হস্থ্য নির্যাতনের শিকার হলেও নারীর দিকে ওঠে অভিযোগের আঙুল। এছাড়াও প্রভা নারীর আরো নানান দিক নিয়ে কথা বলেন। এসব কিছু থেকে নারীদের প্রতি আরো সম্মান বাড়ানোর আহ্বান জানান তিনি।

প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের একটি ঘটনার জেরে চরম বিদ্বেষ ও সমালোচনার শিকার হয়েছিলেন প্রভা। সুতরাং এসব মানসিক নির্যাতন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি। এমন নির্যাতনের শিকার হয়ে অনেকে ছিটকে পড়েন জীবনের গতিপথ থেকে। তবে প্রভা থেমে যাননি। নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়িয়েছেন।

এখনো নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা। কিছুদিন আগে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ব্যক্তিগত জীবনকেও গুছিয়ে নিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *