সবকিছুতে নারীকে দোষারোপ, প্রতিবাদ জানালেন প্রভা

মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় এবার নারীর প্রতি বিদ্বেষের বিষয়ে কথা বলেছেন। একই সঙ্গে সব বিষয়ে নারীকে দোষারোপ না করে তাদের প্রতি সম্মান জানানোর কথাও বলেছেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ইনস্টাগ্রামে নিজের শাড়ি পড়া একটি ছবি পোস্ট করে ক্যাপশনে এসব বিষয়ে লিখেছেন প্রভা।

জনপ্রিয় এই অভিনেত্রী লিখেছেন, কোনো নারীর বিবাহবিচ্ছেদ হলে বলা হয় সে নিজে স্বামীকে ধরে রাখতে পারেনি। ধ র্ষ ণের শিকার হলে প্রশ্ন ওঠে, সে কী পোশাক পরেছিল? কোনো নারীর সন্তান না হলে তাকে বন্ধ্যা বলা হয়। কোনো ছেলে সন্তান জন্ম না হলে বলা হয় ওই নারীর গর্ভে কোনো ছেলে নেই, তারই সব দোষ। আবার কোনো নারী যদি ধনী এবং স্বাধীনতা প্রিয় হয় তাহলে তাকে পতিতা বলা হয়।

তিনি আরও লিখেছেন, কোনো সন্তান খারাপ হলে সব দোষ মায়ের, তার মা-ই খারাপ করেছে সন্তানকে। কোনো মেয়ে যদি খেলাধুলা করতে যায় তাহলে বলা হয়- তুমি মেয়ে, তোমার জন্য এটা খুবই কঠিন এবং এটা তোমার জীবনের লক্ষ্য হতে পারে না।

প্রভা আরও লিখেছেন, কোনো নারী যদি পুনরায় বিয়ে করেন তাহলে বলা হয় সে তার স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ করেনি। আর নারীরা এসব পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকেন। এই পৃথিবীতে একজন নারী হওয়া সত্যিই সহজ নয়। আসুন সবাই নারীদের সম্মান করি।

উল্লেখ্য, ব্যক্তিগত জীবনের একটি ঘটনার জেরে চরম বিদ্বেষ ও সমালোচনার শিকার হয়েছিলেন প্রভা। সুতরাং এসব মানসিক নির্যাতন খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারেন তিনি। এমন নির্যাতনের শিকার হয়ে অনেকে ছিটকে পড়েন জীবনের গতিপথ থেকে। তবে প্রভা থেমে যাননি। নিজেকে শক্ত করে ঘুরে দাঁড়িয়েছেন।

এখনো নাটকে নিয়মিত কাজ করে যাচ্ছেন প্রভা। কিছুদিন আগে গায়িকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। এছাড়া ব্যক্তিগত জীবনকেও গুছিয়ে নিয়েছেন এই সুদর্শনা অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *