এক সপ্তাহ আগে গরুর মাংস স্থান ভেদে ৬০০ থেকে ৬৫০ টাকায় বিক্রি হলেও পবিত্র শবে বরাতকে সামনে রেখে গরুর মাংস বিক্রি হচ্ছে ৭০০ টাকা কেজি। এছাড়া সপ্তাহের ব্যবধানে বাজারে মুরগি, সবজি, মসুরের ডাল, আটা, ছোলা বুটের দাম বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেলের দাম। এছাড়া অপরিবর্তিত রয়েছে অন্যান্য পণ্যের দাম।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
শবে বরাতের রাতে বাঙালি মুসলিমদের মধ্যে ভালো খাবার আয়োজনের রীতি অনেকদিনেরই। এদিন অনেকে রুটি হালুয়া, গরুর মাংসসহ সাধ্য অনুযায়ী ভালো ভালো রান্নাবান্না করেন। সেসব খাবার গরিবদের মধ্যে বিতরণ ছাড়াও পাড়া-প্রতিবেশীদের মধ্যে দেওয়ার প্রচলন রয়েছে। এজন্য এ রাত উপলক্ষে অনেকেই ভালো কিছু রান্না করেন। আর এই সুযোগটাই নিচ্ছেন অসাধু ব্যবসায়ীরা।
রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, পবিত্র শবে বরাতকে সামনে রেখে গরুর মাংসের দাম উঠেছে ৭০০ টাকা কেজি। কোথাও কোথাও এক কেজি গরুর মাংস কিনতে ৭১০ টাকা লেগেছে। গত সপ্তাহে এই গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল। তার আগের সপ্তাহে এই গরুর মাংস ৬২০ টাকায় পাওয়া যাচ্ছিল।
শুধু গরুর মাংস নয়, শবে বরাতের অজুহাতে মুরগি ও খাসির মাংসের দামও বেড়েছে। খাসির মাংসের কেজি ১১০০ টাকা। গত সপ্তাহে এই মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিছু দিন আগেও ৯০০ টাকা কেজিতে বিক্রি হয়েছে খাসির মাংস।
এদিকে শবে বরাতের দোহাই দিয়ে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা। গত সপ্তাহে ব্রয়লার মুরগির কেজি ছিল ১৬০ টাকা। শুক্রবার (১৮ মার্চ) ব্যবসায়ীরা সেই ব্রয়লার বিক্রি করছেন ১৭০ টাকা কেজি দরে। পাকিস্তানি মুরগির দামও কেজিতে ২০ টাকা বেড়েছে। আগে ৩০০ টাকায় বিক্রি হলেও শুক্রবার ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশি মুরগির কেজি ছিল ৫০০ টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।
বাজারের চিত্র বলছে, শবে বরাতের হালুয়া তৈরির আরেকটি অনুষঙ্গ গাজরসহ বিভিন্ন সবজির দামও বেড়েছে। গত সপ্তাহে ২০ টাকা কেজি বিক্রি হলেও আজ সেই গাজর ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া আসন্ন রোজাকে সামনে রেখে দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে আটা, ডাল, ছোলা, খেজুর, সবজিসহ বেশ কিছু পণ্য। তবে দাম কমেছে পেঁয়াজের। নতুন করে দাম বাড়েনি ভোজ্য তেলের।
