একেই বলে জনপ্রিয়তার যন্ত্রণা! টলিপাড়ায় গুঞ্জন, হৃদরোগে আক্রান্ত খরাজ মুখোপাধ্যায়। বৃহস্পতিবার সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন ‘বেলাশুরু’র অভিনেতা। সঙ্গে সঙ্গে শহরের প্রথম সারির হাসপাতালে নাকি ভর্তি করা হয় তাঁকে। আর এমন গুরুতর অসুস্থ হওয়ার খবর সংবাদমাধ্যম থেকে জেনে অবাক হয়েছেন এই অভিনেতা। অতঃপর জানান, তিনি ভালো আছেন।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালের এ গুঞ্জনে বিভ্রান্তিতে পড়েন অভিনেতা। অসুস্থতার বিষয়টি জানতে যোগাযোগ করলে তার ছেলে বিহু জানান, ‘বাবা পেটের সংক্রমণে অসুস্থ। তবে এতে ভয়ের কিছু নেই। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।”
ছেলের কথা বলার পরই অভিনেতা খরাজ রসিকতা করে সংবাদমাধ্যমকে জানান, শুনলাম, আমি নাকি মারা যাচ্ছি! হাসপাতালে ভর্তি। আমার ফ্যাটি লিভার ধরা পড়েছে। এর আগেও এই সমস্যায় ভুগেছি। সেই জন্য হাসপাতালে ইনজেকশন নিতে এসেছিলাম। কিন্তু সেই খবর এভাবে ডালপালা মেলে ছড়াবে তা কে জানতো!
এই অভিনেতার বাড়ি ভারতের বীরভূমের সাঁইথিয়া সংলগ্ন পাঠাই গ্রামে। সেখানে এখনো দুর্গাপূজা, কালীপূজা হয়। এ বিষয়ে তিনি বলেন, আমার স্ত্রী অনেক দিন ধরে রাধামাধবের মন্দির প্রতিষ্ঠা করার জন্য অনুরোধ করছিলেন। শুক্রবার দোলের দিন সেই মন্দির প্রতিষ্ঠিত হবে। সেই জন্য সপরিবারে গ্রামের বাড়িতে আমি। প্রচুর অতিথি এসেছেন। আগামীকাল প্রায় হাজার তিনেক অতিথি পাত পেড়ে খাবেন। বৃহস্পতিবার ব্যস্ততার মাঝেই ইনজেকশন নিতে রামপুরহাটে গিয়েছিলাম আমার চিকিৎসক বন্ধুর কাছে।
খরাজ আরও জানান, অবাঞ্ছিত ভিড় থেকে দূরে রাখার জন্য চিকিৎসক বন্ধু আলাদা বসার ব্যবস্থা করে দেন। আর এটিই কাল হয়েছে। পেটের কারণে নিজে ভালো ভালো খাবার রান্না করলেও বাইরের খাবার বা তেল-মসলাজাতীয় খাবার খান না বলেও জানান তিনি।
