ট্রেন থেকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। আজ বৃহস্পতিবার সকালের দিকে পাবনার জেলার পাকশি সেতুর ওখানে এই ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম মাহাবুব আদর। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে জেনেছি। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়সহ সংশ্লিষ্ট সকলকে জানানো হয়েছে। আমি ওর বন্ধুদের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করছি।’
জানা যায়, মাহাবুবের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার সদর ইউনিয়নে। তিন সদস্যের পরিবারে সে তার পিতা মাতার একমাত্র সন্তান। তার পিতার নাম মো. হান্নান মিঠু। ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মনোযোগী এবং মেধাবী ছিলেন আদর। পড়েছেন জয়পুরহাট আর বি সরকারি উচ্চবিদ্যালয়ে এবং ঢাকার মাইলস্টোন কলেজে। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে মার্কেটিং ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয় তার।
মাহাবুবের চাচা ফরহাদ বলেন, ‘মাহাবুব কুষ্টিয়া ঘুরতে গিয়েছিল। গতকাল রাতে সে ফেসবুকে ছবি আপলোড দিয়েছে দেখলাম। আজকে সকালে শুনতেছি সে মারা গেছে।’
মাহাবুব আরও বলেন, ‘ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার সময় পাবনার পাকশি সেতুর ওখানে জানালা দিয়ে নাকি মাথা বের করছিল বলে শুনলাম। তখন সেতুর রেরিংয়ের (লোহা) সঙ্গে ধাক্কা লেগে পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে সেখানেই মারা গেছে। তাঁর পরিবারের সদস্যরা সেখানে গেছে। সন্ধ্যার দিকে তাঁকে নিয়ে আসবে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, ঘটনাটি আমরা শুনেছি। মরদেহ বর্তমানে পাকশী থানায় আছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করবে ঢাবি প্রশাসন।





