সাবিলা নূরের প্রথম নায়ক ইমরান!

এ পর্যন্ত অসংখ্য নায়কের বিপরীতে নায়িকা সেজেছেন সাবিলা নূর। তবে সেটি নাটকে। এবার তিনি নায়িকারূপে আসছেন একেবারে নতুন একটি মাধ্যমে। জনপ্রিয় এই অভিনেত্রী প্রথমবার কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আর তাতে নায়ক হিসেবে পেয়েছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুলকে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান-সাবিলা দুজনেই। সদ্য শুটিং হওয়া এই গানচিত্রের নাম ‘তুমি আমি’। কবির বকুলের লেখায় এটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই। আর কণ্ঠ দিয়েছেন যৌথভাবে ইমরান ও লাবিবা।

গানটির গল্প নির্ভর রোম্যান্টিক ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা। এটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে সিএমভি’র ব্যানারে।

কাজটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘আসছে ঈদের জন্য এটা আমার সবচেয়ে বড় প্রজেক্ট। আমি মনে করি, ঈদ উপহার হিসেবে ভক্তরা এমন কিছুই আশা করেন আমাদের কাছে। জনপ্রিয় টিভি অভিনেত্রী সাবিলা নূরের প্রথম মিউজিক ভিডিও এটি। ভিডিওতে সহশিল্পী হিসেবে তাকে পেয়ে বেশ ভালো লাগছে। আশা করছি, দর্শক-শ্রোতা আমাদের কেমেস্ট্রিটা পছন্দ করবেন।’

ইমরান প্রশংসা করেন ‘গানের রাজা’ বিজয়ী লাবিবার গাওয়া নিয়েও।

কাজটি প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘অসংখ্য অফার এলেও আগে কখনও মিউজিক ভিডিওর মডেল হইনি। কিন্তু এই গানটি শুনে ভালো লাগল। আরও ভরসা পেলাম ভিডিওর গল্পটা শুনে। ভাবলাম, এবার নতুন কিছু করা যেতেই পারে। সবকিছু ব্যাটে-বলে মিলে যাওয়ায় কাজটি করেছি। খুব সুন্দর গল্পে ভিডিওটি নির্মিত হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে।’

গানটির প্রযোজক এস কে সাহেদ আলী জানান, ঈদ উপলক্ষে রোজার শুরুতেই গানচিত্রটি উন্মুক্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *