শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল সাব-রেজিস্ট্রি (এসআর) অফিসের দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৪ মার্চ) বিকেলে উক্ত নির্বাচনের প্রধান কমিশনার আজহারুল ইসলাম খান এ ঘোষণা দেন।
নান্দাইল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনে সিদ্দিক, রিয়াজ ও রায়হান পরিষদ এবং মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদ নামে দুইটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহণ করেন। গত শনিবার দুইটি প্যানেলের প্রার্থীদের মনোনয়ন ফরম যাচাই-বাছাইয়ে শেষে সিদ্দিক, রিয়াজ ও রায়হান পরিষদের প্রার্থীগণ একই প্যানেলের এক প্রার্থী অপর প্রার্থীকে প্রস্তাব ও সমর্থন করায় মোট ১৪ জন প্রার্থীই মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার। ওই দিনে মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদের মোট ১৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জন সদস্যের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।
উক্ত নির্বাচনের প্রধান কমিশনার আজহারুল ইসলাম খান আনুষ্ঠানিকভাবে ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতগণ হচ্ছেন সভাপতি মো. মোজাম্মেল হোসেন খান, সহ-সভাপতি মো. আবুল হাসেম, মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক, সহ- সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, মো. আব্দুল বারী খান, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল সালাম সরকার, সহ – সাংগঠনিক সম্পাদক তাপস কুমার দে, প্রচার সম্পাদক মো. হারুন অর রশিদ, ক্রীড়া সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাহিত্য সম্পাদক মো. হুমায়ুন কবির ভূইয়া, ধর্ম সম্পাদক মো. আব্দুর রশিদ সরকার, অর্থ সম্পাদক মো.হাবিবুজ্জামান, দপ্তর সম্পাদক মো. রফিকুল ইসলাম, কার্যনির্বাহী পরিষদ সদস্য আহম্মদ হোসেন ও মোছা: লাভলী আক্তার।
প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম খান সাংবাদিকদের জানান, গঠনতন্ত্র মেনে নির্বাচনের তফসিল ঘোষণা, মনোনয়ন ফরম বিতরণ, গ্রহণ ও যাচাই- বাচাই সম্পন্ন করা হয়েছে।
তিনি আরও জানান, শনিবার যাচাই-বাছাইয়ে শেষে সিদ্দিক, রিয়াজ ও রায়হান পরিষদের ১৪ জন প্রার্থীর মনোনয়ন ফরমে ত্রুটি থাকায় তাদের প্রার্থীতা বাতিল করা হয়। সেই সাথে সিদ্দিক, রিয়াজ বিগত কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদের মোট ১৯ জন প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ৩ জন সদস্যের প্রার্থীতা বাতিল করা হয়।
অন্য কোন প্রার্থী না থাকায় সোমবার মোজাম্মেল, এনামুল, সালাম পরিষদের ১৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।
