রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মীরসরাইয়ে গড়ে উঠা সর্ববৃহৎ অর্থনৈতিক শিল্পাঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শনে আসেন ঢাকায় নিযুক্ত ব্র্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন।
মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১১টায় সফর সঙ্গীদের নিয়ে শুরুতে বেজা কনফারেন্স রুমে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন তিনি। মতবিনিময় সভা শেষে ব্রিটিশ হাইকমিশনার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে নির্মাণাধীন বিভিন্ন কারখানা পরিদর্শন করেন। পরে একটি বৃক্ষরোপণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন এফসিডিও বেসরকারী খাত উন্নয়ন উপদেষ্টা মাশফিক ইবনে আকবর, অর্থনৈতিক উপদেষ্টা ইসাম মোসাদ্দেক, প্রাইভেট সেক্টর উন্নয়ন উপদেষ্টা শাহনূর আলম শিকদার, প্রোগ্রাম ম্যানেজমেন্ট অ্যাডভাইজার মিসেস মেরিলিন মৃধা, ভুটান ও নেপাল, বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার আইএফসি মার্টিন হোল্টম্যান, সিনিয়র কান্ট্রি অফিসার মিসেস নুজহাত আনোয়ার, সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট, মোহাম্মদ লুৎফুল্লাহ, বিশ্বব্যাংক প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের পরিকল্পনা ও উন্নয়ন অতিরিক্ত সচিব মো. ইরফান শরীফ, অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ ফারুক, সহকারী ব্যবস্থাপক আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান সহ বেজার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড দেখে সন্তোষ প্রকাশ করে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, বাংলাদেশ একটি সুন্দর ও উন্নয়নশীল দেশ। এই দেশটি নানা চড়াই উৎরাই পেরিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। এই অর্থনৈতিক অঞ্চলে যুক্তরাজ্য বিনিয়োগ করার ব্যাপারে খুবই আশাবাদী।
