ঈদের পর পাওয়া যাবে মাহিকে

অনেকদিনই মিডিয়া বা পর্দায় নেই আলোচিত অভিনেত্রী মাহিয়া মাহি। তবে তার ভক্তদের জন্য ভালো খবর আছে।

কারণ বিনা কর্তনে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে মাহি-জিয়াউল রোশান অভিনীত ছবি ‘আশির্বাদ’।

বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্রটির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক। জানান, রোজার ঈদের পর এটি প্রেক্ষাগৃহে আসবে।

সত্তর দশকের ছাত্র রাজনীতি, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বর্তমান সময়ের পরিস্থিতি নিয়ে কয়েকটি ধাপে সিনেমাটির গল্প সাজানো হয়েছে। পর্দায় তরুণ ও বৃদ্ধ দুই বয়সের মাহিকে দেখা যাবে।

সিনেমাটি প্রযোজনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

এ সম্পর্কে পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আনকাট সেন্সর ছাড় পেয়েছে আশির্বাদ। এটি আমার ভীষণ প্রিয় একটি সিনেমা। মনের মতো করে নির্মাণ করেছি। এখানে যারা অভিনয় করেছে প্রত্যেকেই অনেক ভালো করেছে। গল্প, গান ও নির্মাণ সবমিলিয়ে আশা করি সিনেমাটি সব দর্শকদের ভালো লাগবে। আমি সিনেমাটি নিয়ে অনেক আশাবাদি।’

এটি চিত্রনায়িকা মাহিয়া মাহি ও জিয়াউল রোশান জুটির প্রথম সিনেমা। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *