সানি লিওনের বাংলাদেশে আগমনে তথ্য মন্ত্রণালয়ের সম্পৃক্ততা নেই

বলিউডের বিতর্কিত অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওন একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে শনিবার ঢাকায় এসেছিলেন। বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছে।

এদিকে সানির বাংলাদেশে আসার সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। রোববার (১৩ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলচ্চিত্র-১ শাখার উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২ মার্চ এর ৫২ নং স্মারকের মাধ্যমে ‘সোলজার’ নামক চলচ্চিত্রে কাজের জন্য আমেরিকান অভিনেত্রী করনজিৎ কর ওয়েভারের অনুকূলে বাংলাদেশের ওয়ার্ক পারমিট দেয়া হয়। পরবর্তীতে দেখা যায়, এ আমেরিকান অভিনেত্রী প্রকৃতপক্ষে সানি লিওন। সঠিক তথ্য গোপন করে ওয়ার্ক পারমিট নেয়ার বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে তার ওয়ার্ক পারমিট বাতিল করা হয়।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এতে আরও বলা হয়, সানি লিওন গানবাংলা টেলিভিশনের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। এই আগমনের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে শনিবার ঢাকার মাদানি অ্যাভিনিউয়ে কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সানি লিওনসহ ভারতীয় বেশ কয়েকজন তারকা ঢাকায় এসেছিলেন।

গত ২ মার্চ তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সানি লিওনকে বাংলাদেশে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। তবে ৯ মার্চ আরেকটি প্রজ্ঞাপনে তার বাংলাদেশে কাজের অনুমতি বাতিল করা হয়।

পরে হঠাৎ শনিবার (১২ মার্চ) দুপুরে ভ্রমণ ভিসায় ঢাকায় আসেন এই বলিউড তারকা। ঢাকায় ১৫ ঘণ্টার মতো অবস্থান শেষে রোববার (১৩ মার্চ) সকালেই একটি প্রাইভেট জেট বিমানে চেপে স্বামী ড্যানিয়েল ওয়েবারসহ আবার ভারতে ফিরে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *