করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে টানা দুই বছর বন্ধ থাকার পর প্রাক-প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে পুরোদমে ক্লাশ শুরুর প্রথমদিনেই তীব্র যানজটে স্থবির হয়ে আছে রাজধানী ঢাকা।
সহপাঠীদের সঙ্গে ক্লাশে ফেরার আনন্দে মঙ্গলবার ভোর থেকে অভিভাবকদের হাত ধরে সড়কে সরব উপস্থিতি দেখা গেছে স্কুলমুখী খুদে শিক্ষার্থীদের। মাধ্যমিকের শিক্ষার্থীরাও ছিলেন স্কুলমুখো।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে অফিস ধরতে কর্মমুখী মানুষের ভিড়ও বেড়েছে সড়কে। আর তাতেই শহরজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ যানজট।
সকালে রাজধানীর পুরান ঢাকার লক্ষ্মীবাজার, রায় সাহেব বাজার, পল্টন, মতিঝিল, বেইলী রোড, বাড্ডা, রামপুরা এবং নতুন বাজার এলাকায় যানবাহনের তীব্র জট দেখা গেছে। এছাড়াও গাবতলী, শ্যামলী, ফার্মগেট, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকাতেও ছিল একই চিত্র।
বেসরকারি চাকরিজীবী মোহাম্মদপুরের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, সকাল থেকে মোহাম্মদপুর, ফার্মগেট, শাহবাগসহ বিভিন্ন এলাকায় যানজট দেখা যায়। স্কুলে পুরোদমে ক্লাস শুরু হওয়ায় এই যানজট।
পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা রাইয়ান আহমেদ জানান, স্কুল-কলেজের সামনের সড়কগুলোতে সকাল থেকেই যানজট লেগে যায়। এর প্রভাব পড়েছে অন্যান্য সড়কেও।
এদিকে প্রগতি সরণির মধ্য বাড্ডা এলাকায় দুপুর হতে যানবাহনের স্বাভাবিকের চেয়ে ধীর গতি দেখা গেলেও গুলশান লিংক রোডে ছিল তীব্র যানজট।
বসুন্ধরা আবাসিক এলাকা নিবাসী ইয়াফেস আকবর জানান, ‘যমুনা ফিউচার পার্কের সামনে থেকে মধ্য বাড্ডা পর্যন্ত আসতে সময় লেগেছে ঘণ্টারও বেশি।’
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, ১৮ মাস শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের পর গত বছর ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়। প্রথমে প্রতিটি শ্রেণিতে প্রতিদিন দুইটি ক্লাস নেওয়া শুরু হয়। এরপর করোনা সক্রমণ কমে গেলে প্রতিদিন একটি শ্রেণির চারটি ক্লাস নেওয়ার রুটিন প্রকাশ করে সরকার।
আর মাধ্যমিকে গত বছরের নির্ধারিত সর্বশেষ সূচিতে প্রতিদিন প্রতিটি শ্রেণির শিক্ষার্থীদের চারটি ক্লাস ছিল।
তবে চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর সংক্রমণ কিছুটা কমে আসায় ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। সেদিন থেকে সীমিত সংখ্যক ক্লাস নেওয়া হচ্ছে। তবে প্রাথমিক বিদ্যালয়ে সশরীর ক্লাস শুরু হয় গত ২ মার্চ। এছাড়া ১৫ মার্চ থেকে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হয়।
অন্যদিকে, উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু হয় গত ২ মার্চ।
