এবার কলকাতায় নতুন মিশনে নামছেন নাদিয়া

বাংলাদেশের অভিনেত্রীদের মধ্যে কাছাকাছি সময়ে কলকাতার সিনেমায় সবচেয়ে বেশি সুনাম কুড়িয়েছেন জয়া আহসান। নুসরাত ফারিয়া, সোহানা সাবা, রাফিয়াত রশিদ মিথিলাসহ বাংলাদেশের অনেক অভিনেত্রী আছেন, যাঁরা সেখানকার মূলধারার সিনেমায় কাজ করেছেন ও করছেন।

তাঁদের দলে যুক্ত হতে যাচ্ছেন আরও এক অভিনেত্রী সালহা খানম নাদিয়া। টালিউডের ‘সুনেত্রা সুন্দরম’ সিনেমায় অভিনয় করবেন তিনি। এটি পরিচালনা করছেন শিব রাম শর্মা। গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী।

আগামী ২৩ মার্চ থেকে কলকাতার বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারণ হবে। নিরাপদ শৌচাগারের জন্য সামাজিক আন্দোলন নিয়েই ছবির গল্প।

নাদিয়া বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকে ভিন্নধর্মী গল্পে কাজ করতে চেয়েছি। ‘সুনেত্রা সুন্দরম’-এর গল্প তেমনই। আশা করছি এটি সামাজিক সচেতনতামূলক ভালো একটি ছবি হতে যাচ্ছে। এর কাজে অংশ নিতে ২০ মার্চ কলকাতা যাচ্ছি।’’

এতে আরও অভিনয় করবেন কলকাতার বরেণ্য অভিনেত্রী পার্ণো মিত্র,বাংলাদেশের নাট্যাভিনেত্রী ফারজানা চুমকিসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *