যশোর: বাজার নির্ধারিত দামের চেয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ৩০ টাকা ভর্তুকি দিয়ে দরিদ্রদের মাঝে বিক্রি শুরু করেছেন যশোরের মিজানুর রহমান।
লিটারপ্রতি ১৮০ টাকা দরে সয়াবিন তেল কিনে তিনি দরিদ্রদের মাঝে ১৫০ টাকায় বিক্রি করছেন। একে দুর্নীতিবাজ ব্যবসায়ীদের বিরুদ্ধে এক অভিনব প্রতিবাদ বলছেন তিনি।
শনিবার (১২ মার্চ) দুপুরে যশোরের শার্শা উপজেলার নাভারণ-সাতক্ষীরা মোড়ে প্রতি লিটারে ৩০ টাকা ভর্তুকি দিয়ে ১০০ লিটার তেল বিক্রির মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন মিজানুর।
এদিকে, বাজার থেকে ৩০ টাকা কমে এক লিটার তেল পেয়ে মিজানের এমন কর্মকাণ্ডকে স্বাগত জানিয়েছেন দরিদ্র ক্রেতারা। এসময় তারা তেলসহ যাবতীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে প্রতিবাদ জানান।
সেলিম নামে এক ভ্যান চালক জানান, বর্তমানে সব জিনিসের দাম বাড়লেও আমাদের ভাড়া তো বাড়েনি। তার মধ্যে তেলের দাম বেড়েছে কয়েকগুণ। এমন সময়ে আমাদের শার্শার মিজানুর ভাই কম দামে তেল বিক্রি করছেন। এতে আমাদের মতো দরিদ্র মানুষের উপকার হবে।
এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, যারা অবৈধভাবে তেল মজুত করে নিত্যপণ্যের বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। বাজারে তেলের চাহিদা মেটাতে ডিলার বা হোলসেলারদের এখনই মানবিকতার পরিচয় দেওয়ার সময় এসেছে।
এছাড়া যতদিন দাম ঊর্ধ্বমুখী থাকবে ততদিন বিভিন্ন গ্রামগঞ্জে এভাবে কম দামে তেল বিক্রি করবেন বলে জানান মিজানুর রহমান।
এই কার্যক্রমে অংশ নিতে দেশের সকল জায়গা থেকে দানশীল ও সাদা মনের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একইসঙ্গে সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।
