Home আলোচিত আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নেব না: সাইমন

আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব নেব না: সাইমন

0
225

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা হয় গত ২৯ জানুয়ারি। প্রায় দেড় মাস অতিবাহিত হয়ে গেলেও সমিতির সাধারণ সম্পাদক পদটি নিয়ে সুরাহা হয়নি এখনও।

সম্পাদকের চেয়ার রীতিমতো যুদ্ধ চলছে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে। বিষয়টি নিয়ে তাদের আইনি লড়াইয়ের সমাধান এখন আদালতের হাতে, যা সুরাহা হতে এখনো চার সপ্তাহ সময় লাগবে।

সেই পর্যন্ত সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার কথা বলছেন অনেকেই। সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনও সাইমনের বিষয়ে আগ্রহী।

কিন্তু সাধারণ সম্পাদকের দায়িত্ব নিতে তেমন একটা আগ্রহী নন ‘পোড়ামন’ খ্যাত অভিনেতা। আদালতের রায়ের জন্য প্রতীক্ষা করতে চান তিনি।

সাইমন বলেন, ‘আমি সাধারণ সম্পাদকের দায়িত্ব কেন পালন করতে যাবো। যেহেতু আদালতের দেওয়া শেষ রায় স্থগিত করা হয়েছে সেহেতু নিপুন আপা এখন সাধারণ সম্পাদক এবং তিনিই দায়িত্ব পালন করছেন। আদালত পরে যে রায় দেবেন সেটা তখন দেখা যাবে।’

বর্তমানে তিনি একাধিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি সিনেমা।

নিজের বর্তমান ব্যস্ততা নিয়ে সাইমন বলেন, ‘সম্প্রতি মায়া, জলরঙ সিনেমাগুলোর শুটিং করলাম। এছাড়া আরো কয়েকটি সিনেমাটি শুটিং শিগগিরই শুরু করব। পাশাপাশি মুক্তির অপেক্ষায় আছে নরসুন্দরী, গ্যাংস্টার, বাহাদুরী, নদীর বুকে চাঁদসহ বেশ কয়েকটি সিনেমা।’

এছাড়া দর্শক সিনেমাহলে না ফেরার কারণ নিয়ে তিনি আরও বলেন, ‘করোনার কারণে এমনকি দর্শক হল থেকে দূরে আছে। তার ওপর ভালো ভালো সিনেমা মুক্তি পেলেও প্রচারণায় ঘাটতি থেকে যাচ্ছে। দর্শকদের সিনেমাটি সম্পর্কে জানাতে পারছি না আমরা। বলতে পারেন, প্রচারণা কম হওয়ায় দর্শকরা হলমুখী হচ্ছে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here