ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাজনৈতিক জীবনেও সমালোচনার শিকার হয়েছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী।
গেল বছর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগ মুহূর্তে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন শ্রাবন্তী। যদিও আগে তিনি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তাই হঠাৎ গেরুয়া শিবিরে যাওয়ায় সমালোচিত হন নায়িকা।
বিজেপির হয়ে বিধানসভায় প্রার্থী হন শ্রাবন্তী। কিন্তু হেরে যান ভোটে। এরপর অনেকদিন রাজনীতি নিয়ে চুপচাপ ছিলেন। গেল নভেম্বরেই তিনি ঘোষণা দেন, বিজেপিতে আর থাকছেন না। শুধু তাই নয়, এখন আবার তিনি তৃণমূলের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তাই পুনরায় মমতার আঁচলে ফিরে এসেছেন বলেই ধরে নেওয়া যায়।
শ্রাবন্তীর এমন ভোল বদল নিয়ে সমালোচনা, কটাক্ষের অন্ত নেই। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা তথাগত রায়ও বিভিন্ন সময়ে তার সমালোচনা করেছেন। এবার তিনি কিছুটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শ্রাবন্তীকে নিয়ে।
তথাগত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্রাবন্তীই সবচেয়ে চালাক। যা দেবার অকাতরে দিয়েছে। যা পাবার পেয়েছে। তারপর পেশায় প্রত্যাবর্তন। বাই বাই রাজনীতি।’
এই মন্তব্য চোখে পড়েছে শ্রাবন্তীরও। তিনি তথাগতকে অসুস্থ ইঙ্গিত করে বলেছেন, ‘কেউ আমাকে নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে আমি তো সেরকম হয়ে যাব না। এটা নিয়ে কিছু বলার নেই। বলতে চাইও না। তিনি মানসিকভাবে সুস্থ হয়ে উঠুন, এটাই কামনা করি।’
