খাদ্যমন্ত্রীর নামে মহাসড়ক, প্রজ্ঞাপন জারি

নওগাঁ: খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে তার জেলা নওগাঁয় একটি সড়কের নামকরণ করা হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সড়কটি নির্মাণ করবে। এর নাম দেয়া হয়েছে ‘বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার সড়ক’।

মান্দা-নিয়ামতপুরের শিবপুর-পোরশা মহাসড়কের নিয়ামতপুরের তিন মাথা থেকে পোরশা পর্যন্ত ৩২ কিলোমিটার অংশের নামকরণ হয়েছে সাধন চন্দ্রের নামে।

রাষ্ট্রপতির আদেশে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্পত্তি শাখার সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী এ সংক্রান্ত প্রজ্ঞাপনে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রাস্তা নামকরণের এ আদেশ জনস্বার্থে দ্রুতই কার্যকর করা হবে।

সাধন চন্দ্র মজুমদার নওগাঁ-১ আসনের (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) সংসদ সদস্য। তার নামে রাস্তার নামকরণের বিষয়টি অনুমোদন দেয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ লোকজন।

স্থানীয়রা বলছেন, সড়কটির নাম সাধন মজুমদারের নামে হোক এটি এই এলাকার মানুষের দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল।

তিন মাথা মোড় এলাকার বাসিন্দা জলিল মণ্ডল বলেন, খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে রাস্তার নামকরণের অনুমোদন দেওয়ায় আমরা অনেক খুশি। এটি আমাদের প্রত্যাশা ছিল।

ওই এলাকার আরেক বাসিন্দা ইমরান হোসেন বলেন, ‘এলাকার সার্বিক উন্নয়নে নেতা সাধন মজুমদারের ভূমিকা অপরিসীম। তার নামে এই রাস্তার নামকরণ করায় ভালো উদ্যোগ বলেও জানান তিনি।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, ‘আমাদের সবার নেতা খাদ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে সড়কের নাম অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।‘

এ ব্যাপারে নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নিবার্হী প্রকৌশলী মো. সাজেদুর রহমান বলেন, খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদারের নামে ৩২ কিলোমিটার রাস্তার নামকরণের অনুমোদনের বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। অবিলম্বে চিঠিতে উল্লেখিত রাস্তার নামকরণ বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *