নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মোকনা ইউনিয়নের শেখ হাসিনা (কেদারপুর) সেতু সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
গত ৪ মার্চ অনলাইন নিউজ পোর্টাল নজর২৪ এ “থেমে নেই বালুখেকোদের দৌরাত্ম্য” শিরোনামে এক প্রতিবেদন প্রকাশের পর মাত্র ৬ দিনের মধ্যেই সংশ্লিষ্ট বালুখেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় এবং এ ধরণের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।
বালুখেকোদের বিরুদ্ধে বিশেষ এই অভিযান বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, মোকনা ইউনিয়নের নদী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বালু ব্যবসায়ীকে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।
উল্লেখ্য, নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি জমি ও নদী সংলগ্ন এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে একটি কুচক্রী মহল। এ ক্ষেত্রে ২০১০ সালের বালুমহাল আইনে বলা আছে, বিপণনের উদ্দেশ্যে কোনো উন্মুক্ত স্থান, চা-বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এ ছাড়া সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে বালু ও মাটি উত্তোলন নিষিদ্ধ।
