মীরসরাইয়ে স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), বিশ্বব্যাংক ও এআইআইবি এর আর্থিক সহায়তায় ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি’ শীর্ষক প্রকল্পটির আওতায় মীরসরাইয়ের স্থানীয় উদ্যোক্তাদের স্যানিটেশনের উপর দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এসময় পিকেএসএফ এর ৪০টি সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে কর্মশালা ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (০৯ মার্চ) বিকালে মীরসরাইয়ের মস্তাননগরে বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা’র এর আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় উক্ত কর্মশালায় অপকা’র নির্বাহী পরিচালক মোঃ আলমগীর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ এর জিএম (প্রোগ্রাম) ও ওয়াশ প্রোগ্রামের সমন্বয়ক মোঃ আবদুল মতিন।

এতে বিশেষ অতিথি ছিলেন এনজিও সংস্থা ইপসা’র পরিচালক মোঃ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কেএম সাঈদ মাহমুদ, প্রশিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ জাহেদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি পিকেএসএফ কর্মকর্তা মোঃ আবদুল মতিন বলেন, ‘মানব সম্পদ উন্নয়নে গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি’ শীর্ষক প্রকল্পটি দেশের নির্বাচিত ৪টি বিভাগে ১৮টি জেলার ৭৮টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের অন্যতম খাত হলো স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন নির্মাণ করা। মাঠ পর্যায়ে জনগোষ্ঠীর নিকট গ্রহণযোগ্য ও সহজবোধ্য উপায়ে ল্যাট্রিন মডেল উপস্থাপন করা অন্যতম একটি চ্যালেঞ্জিং কাজ। বিশ্বব্যাংক দীর্ঘ সময় ধরে গ্রামীণ এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসম্মত টেকসই ল্যাট্রিনকে সহজলভ্য করার জন্য বিভিন্ন ক্যাটালগ তৈরি করেছে। ইতিপূর্বে পিকেএসএফ বিশ্বব্যাংকের সহায়তায় ‘ওবিএ স্যানিটেশন মাইক্রোফাইন্যান্স’ প্রকল্পটি বস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বিশ্বব্যাংকের নকশাকৃত সুলভ, বিলাস, শোভন ও সৌখিন মডেলের ল্যাট্রিন তৈরি করতে স্বল্পসুদে ঋণ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর আয়োজনে এবং অপকা’র সহযোগীতায় নারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ১ হাজার নারীর মাঝে ৫টি করে মাস্ক, ১টি ডেটল সাবান, ১টি লাক্স সাবান, ১টি স্যানিটাইজার ও ১টি হ্যান্ডওয়াশ বিতরণ করেন অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *