অবশেষে মুখ খুললেন ওমর সানী, দিলেন হুঁশিয়ারি

সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন বাংলা সিনেমার জনপ্রিয় নির্মাতা মালেক আফসারী। তার সেই ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করেই নির্মাতার বিরুদ্ধে জিডি করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অরুণা বিশ্বাস।

রাজধানীর তেঁজগাও শিল্পাঞ্চল থানায় গেলো ৭ মার্চ মালেক আফসারীর বিরুদ্ধে করা জিডিতে ব্যক্তিগত আক্রমণের অভিযোগ এনেছেন অরুণা বিশ্বাস।

এরপর থেকেই সিনে-পাড়ায় শুরু হয় জোর আলোচনা-সমালোচনা। এবার এই আলোচনায় শামিল হলেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির নব্বইয়ের দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী। অরুণা বিশ্বাসের পক্ষ নিয়ে জানিয়েছেন প্রতিবাদ।

ফেসবুকে ওমর সানী লেখেন, ‘শিল্পীদের নিয়ে যা খুশি বলে যাবে, এটা হবে না। প্রতিবাদ এভাবেই হোক। আগাছা টাইপ ইউটিউব চ্যানেলগুলোর দিকে রাষ্ট্রীয়ভাবে দৃষ্টি রাখা উচিৎ তথ্য মন্ত্রণালয়ের। অরুণা, তোমার খুব ভালো উদ্যোগ দোস্ত।’

ওমর সানীর এই পোস্টে আরও অনেকেই মালেক আফসারীর বিপক্ষে মন্তব্য করেছেন। সিনেমা নির্মাণ ছেড়ে তিনি ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন ইস্যুতে শিল্পী ও সিনেমা ইন্ডাস্ট্রির বদনাম করছেন বলে মনে করেন তারা।

এর আগে অরুণা বিশ্বাস জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উনি একটি ভিডিওতে আমাকে ব্যক্তিগত গালিগালাজ করেছেন। ব্যক্তিগত আক্রমণ করেছেন। কুরুচিপূর্ণ কথা বলেছেন। ইঙ্গিত করেছেন। উনি প্রশ্ন তুলেছেন আমার কী যোগ্যতা? আমি কেন সেন্সর বোর্ডের মেম্বার হলাম, কোন যোগ্যতায় অনুদানের ছবি পেলাম, কোন যোগ্যতায় বিচারকের আসনে বসি। তার মতো একজন সিনিয়র পরিচালকের কাছ থেকে আমি এটা প্রত্যাশা করিনি। কোনো কারণ ছাড়াই তিনি আমাকে নিয়ে এসব কুরুচিপূর্ণ কথা বলেছেন। তাই বাধ্য হয়ে আমি আইনের আশ্রয় নিয়েছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *