জনগণ বোঝে, আমি থাকলে নিশ্চিত উন্নয়ন হবে: প্রধানমন্ত্রী

মায়ের মমতা দিয়ে দেশ পরিচালনা করলে, জনগণ সমর্থন দেবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, এভাবেই তিনি দেশবাসীর সমর্থন অর্জন করেছেন। জনগণ বুঝতে পেরেছেন যে তিনি যদি থাকেন, তাদের উন্নয়ন নিশ্চিত হবেই।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দুবাই এক্সিবিশন সেন্টারে মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবসে আয়োজিত ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে সরকারপ্রধান এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘একটি বিষয় উপলব্ধি করতে হবে যে নারী শুধু একজন নারী নয়। নারী হলো মা। ফলে মায়ের স্নেহ-মমতায় দেশ পরিচালনা করলে, দেশের জনগণ সমর্থন দেবেই।’

তিনি বলেন, ‘জনগণের সমর্থন ও বিশ্বাস আমি অর্জন করতে পেরেছি, এটাই আমার মূল শক্তি। আমাদের দেশের জনগণ বুঝতে পেরেছেন যে আমি যদি থাকি, তাদের উন্নয়ন নিশ্চিত হবেই।’

সরকার পরিচালনায় এবং রাজনীতিতে পুরুষ সহকর্মীদের ভূমিকার প্রশংসা করে টানা তিনবারের প্রধানমন্ত্রী বলেন, আমি অবশ্যই তাদের প্রশংসা করি। তারা আমাকে সহযোগিতা করেছেন।

বাংলাদেশে নারীর ক্ষমতায়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এখন আমাদের জাতীয় সংসদের স্পিকার, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা সবাই নারী।

১৯৯৬ সালে ক্ষমতাগ্রহণের আগে সামরিক শাসকদের সময় নারীদের অবমূল্যায়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হ ত্যার প্রায় ২১ বছর পর সামরিক শাসকরা দেশ পরিচালন করে। তখন নারীদের কোথাও কোন অবস্থান ছিল না। আমি নারীদের জন্য সব সেক্টর উন্মুক্ত করে দেই।

১৯৯৬ সালে সরকার গঠনের পর স্নাতক পর্যন্ত নারীদের বিনামূলে শিক্ষা নিশ্চিত করা, বিচার বিভাগ, পুলিশসহ বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ, বিশেষ করে উচ্চতর পদগুলোতে নারীদের চাকরি সুযোগসহ নারীর ক্ষমতায়ন ও বৈষম্য দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিজের ‘মেন্টর’ হিসেবে উল্লেখ করে বঙ্গবন্ধুর দূরদর্শী চিন্তা ও বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আমি দেশ এবং দেশের সমস্যাকে জানতাম। আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। আমার বাবা আমার মেন্টর। শুধু তাই নয়, আমি তার কাছ থেকে শিখেছি দেশের মানুষকে কীভাবে ভালোবাসাতে, গরিব মানুষ এবং দেশের জন্য কাজ করতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *