রাশিয়ার বিরুদ্ধে অবশেষে শক্ত পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন প্রশ্নে রাশিয়ার বিরুদ্ধে এবার শক্ত পদক্ষেপ নিল আমেরিকা। রাশিয়ার তেল ও গ্যাস আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউজ থেকে মঙ্গলবার দেয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানান আমেরিকার প্রেসিডেন্ট। জানিয়েছেন রাশিয়ার অর্থনীতির মূল শক্তির ওপর আঘাত হানার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে।

বাইডেন বলেন, ‘আমরা রাশিয়ার তেল-গ্যাস এবং জ্বালানিসহ সব ধরনের আমদানি নিষিদ্ধ করছি। তার মানে আমেরিকার বন্দরে রাশিয়ান তেল আর গ্রহণযোগ্য হবে না। যুদ্ধবাজ পুতিনের বিরুদ্ধে আমেরিকার পক্ষ থেকে এটি বড় ধাক্কা।’

মঙ্গলবার বাইডেনের ঘোষণার আগেই রাশিয়া সতর্ক করেছে, তেল নিষেধাজ্ঞা নিয়ে পশ্চিমারা সামনে অগ্রসর হলে জার্মানিতে নিজেদের মূল গ্যাস পাইপলাইন বন্ধ করে দেওয়া হতে পারে। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক এমন সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তিনি বলেন, রাশিয়ার তেল প্রত্যাখ্যান বিশ্ববাজারের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে। এতে তেলের দাম দ্বিগুণ বেড়ে প্রতি ব্যারেল তিনশ’ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে রয়টার্সের আরেক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের শেষ নাগাদ পর্যায়ক্রমে রাশিয়া থেকে তেল এবং জ্বালানি পণ্য আমদানি বন্ধ করবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন মঙ্গলবার বলেছেন, রাশিয়ার উপর তাদের তেল এবং জ্বালানি পণ্যের নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যোগ দিচ্ছে তাঁর দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *