শাশুড়ি সবসময়েই আমাকে রাজের উপরে রাখেন: শুভশ্রী

আজ (৮ মার্চ) বিশ্ব নারী দিবস। এই দিনে সামাজিক মাধ্যম থেকে শুরু করে সবখানে চলছে নারী জাগরণের কথা। তুলে ধরা হচ্ছে নারীদের কীর্তি, গাওয়া হচ্ছে নারীর গুণগান।

বিয়ের পর নিজের অভিজ্ঞতা কেমন, নারী দিবসের প্রাক্কালে সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। খবর- হিন্দুস্থান টাইমসের

শুভশ্রী বলেন, পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করে শ্বশুরবাড়িতে আসার পর শুভশ্রীর শাশুড়ি মা বলেছিলেন, রাজ রান্নাঘরে ঢোকেন না। তাই শুভশ্রীও রান্নাঘরে ঢুকবেন না। শুভশ্রীর মনে হয়েছিল, এভাবেই তাঁর শাশুড়ি মা সংসারে সমতা এনেছিলেন।

শুভশ্রীর কথায় ‘উনি সবসময়েই আমাকে রাজের উপরে রাখেন। রাজ যদি কোন ছবির পরিচালনা শুরু করে, উনি সবসময় আমায় বলেন, তুমি কবে কাজ শুরু করছো। উনি যে আমার কাজকে কী ভালোবাসেন তা বলে বোঝাতে পারব না। আমি অনলাইনে জিম করলেও উনি আমার পাশে বসে থাকেন। রাজ ফিরলে ওকে বলেন, আজ ও যা যা করেছে ভাবতে পারবি না।’

পরিবার প্রসঙ্গে কথা বলতে গিয়ে নায়িকা বলেন ‘আমি নিজে খুব প্রগতিশীল পরিবারে বড় হয়েছি। আমার মা কোনও দিন বলেননি বিয়ে করতে হবে। বলতেন নিজের পায়ে দাঁড়াতে হবে। ভালো কাজ করতে হবে। যৌথ পরিবার থেকে বিয়ের জন্য যখন বলা হত, মা সে সব কানে তুলতেন না। সৌভাগ্যক্রমে আমার শাশুড়িও ঠিক এই মানসিকতার।’

নারী দিবসের প্রাক্কালে নিজের জীবনে দেখা অন্যতম অনুপ্রেরণা তাঁর শাশুড়ি মা প্রসঙ্গে শুভশ্রী বলেন, ‘ইউভানকেও উনি বলেন, তুই কিন্তু বড় হয়ে মায়ের মতো হবি। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। মায়ের প্রভাব রাজের উপর পড়েছে বলেই, রাজ মেয়েদের অসম্ভব সম্মান করেন। রাজের কাছ থেকেই ইউভান শিখবে মেয়েদের সম্মান করা।’

উল্লেখ্য, ২০১৮ সালের মার্চে বাগদান করেছিলেন শুভশ্রী ও রাজ চক্রবর্তী। এরপর একই বছরের ১১ মে বিয়ে করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে আসে ছেলে সন্তান। তার নাম রেখেছেন ইউভান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *