বাংলাদেশের ওপর থেকে আলু আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে রাশিয়া। ফলে দেশটির ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিল্যান্স বাংলাদেশ থেকে ফের আলু আমদানি শুরু করছে।
ইউক্রেইন যুদ্ধের এ সময়ে দেশটির এ সিদ্ধান্তের ফলে ২০১৫ সালের পর রাশিয়ায় বাংলাদেশের আলু রপ্তানির বাধা কাটল।
সোমবার (০৭ মার্চ) ঢাকায় রুশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুদিন আগে দেশটির ফেডারেল সার্ভিস ফর ভেটেরিনারি অ্যান্ড ফাইটোস্যানিটারি সার্ভিলেন্স বাংলাদেশ থেকে আলু আমাদনির আগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের যে কোনো এলাকা থেকে আলু আমদানির উপর পূর্বের নিষেধাজ্ঞা উঠিয়ে পুনরায় তা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুশ দূতাবাস বলছে, বাংলাদেশের উদ্ভিদের কোয়ারেন্টিন ও সুরক্ষার দায়িত্বে থাকা যথাযথ কর্তৃপক্ষের তথ্যের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। এতে রাশিয়া ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের ‘ফাইটোস্যানিটারি’ বিষয়ক শর্তভঙ্গ না করার বিষয়ে পদক্ষেপের কথা বলা হয়েছে।
সাম্প্রতিক সময়ে আলু আমদানির উপর নিষেধাজ্ঞা উঠাতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে আসছিল সরকার।
এ নিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে নিষেধাজ্ঞা তুলতে দেশটির সরকারের প্রতি আহ্বানও জানান।
