মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা লেগে এক চালকের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভূল্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারে থাকা অপর তিনযাত্রী আহত হয়েছেন বলেও জানা গেছে।
নিহত টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শেওড়াইল গ্রামের করিম মিয়ার ছেলে শাহজালাল শান্ত (২৫)।
পুলিশ জানায়, কালিহাতি থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকারটি সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কের ওইস্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সাথে ধাক্কা লাগে এবং ঘটনাস্থলেই চালকের মর্মান্তিক মৃত্যু হয়। এসময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হলে তাদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে গোড়াই হাইওয়ে থানা পুলিশ।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানার ওসি আজিজুল হক বলেন, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালকের মরদেহ উদ্ধার ও আহতদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাইভেটকারটি পুলিশি হেফাজতে রয়েছে।
