দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিম ও আলোচিত চিত্রনায়িকা পরীমণির একটি ফোনালাপের একটি রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে শোনা যায়, পরীকে রাতে তার বাসায় যাওয়ার জন্য বলছেন মোশাররফ। মুহূর্তেই কল রেকর্ডটি নিয়ে হৈচৈ শুরু হয়ে গেছে।
আসলে বাস্তবের কোনো ফোনালাপ নয়। মূলত তাদের নতুন সিনেমা ‘মুখোশ’-এরই অংশ এটি। প্রচারণার কৌশল হিসেবেই এমন পন্থা বেছে নিয়েছেন তারা।
রোববার (৬ মার্চ) টাইগার মিডিয়ার ফেসবুক পেজে ‘মোশাররফ করিম ও পরীমণির কল রেকর্ড ফাঁস!’ শিরোনামে একটি অডিও প্রকাশ করা হয়। সেখানেই ফোনে কথা বলতে শোনা গেছে পরী-মোশারফকে।
ওই কল রেকর্ডে মোশাররফ ও পরীর মধ্যে কথোপকথন ঠিক এ রকম—
মোশাররফ: কেমন আছ?
পরীমণি: আপনি কল দিয়েছেন! আমি স্বপ্ন দেখছি না তো!
মোশাররফ: না, আমি স্বপ্ন দেখছি। আমার স্বপ্নের আকাশে অনেক তারা। তারার আমার দরকার নেই, আমি চাঁদের অপেক্ষা করছি। শোনো তোমার জন্য একটা সুখবর আছে। নতুন উপন্যাস বের হতে যাচ্ছে। নাম ‘মুখোশ’। ওই বইয়ে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
পরীমণি: কী সারপ্রাইজ?
মোশাররফ: সেটা তো এখন বলব না। তুমি কাল রাতে আমার বাংলোয় চলে আসো। তখন দেখাই। আর তোমাকে একটু পড়ি। মুশকিল কী জানো? আমি দিনের কোলাহলের মধ্যে পড়তে একদম পারি না, আমার রাত লাগে। রাতের নির্জনতা লাগে।
পরীমণি: অবশ্যই পড়বেন। উপন্যাসটার নাম ‘মুখোশ’ রাখার কারণ কী?
মোশাররফ: বলব, যদি তুমি সময় দাও।
গত শুক্রবার এই দুই তারকার ‘মুখোশ’ সিনেমাটি মুক্তি পেয়েছে। সিনেমায় ইব্রাহীম খালীদি নামে একজন লেখকের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। পরীমনিকে সাবরিনা নামে এক সাংবাদিক চরিত্রে দেখা গিয়েছে। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, এলিনা শাম্মী, প্রাণ রায় প্রমুখ।
এটি ইফতেখার শুভর ‘পেজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে।
