শাকিবের সঙ্গে কাজ করতে পেরে আমি ভাগ্যবতী: বুবলী

দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে তারকাখ্যাতি পেয়েছেন হালের চিত্রনায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে শাকিব খানের বিপরীতে অভিনয় করার সুযোগ পান সংবাদ পাঠিকা শবনম বুবলী।

এরপরই ঘুরে যায় বুবলীর ভাগ্যের চাকা। রাতারাতি তারকাখ্যাতি লাভ করেন তিনি। গড়ে ওঠে শাকিব-বুবলী জুটি। বেশ কয়েকটি সিনেমায় জুটি বাঁধেন তারা।

দু’জনকে নিয়ে চলচ্চিত্র পাড়ায় রয়েছে নানান গুঞ্জন। যদিও নিন্দুকের কথায় কান না দিয়ে তারা কাজ করছেন। দু’জনের মধ্যে বোঝাপড়াও চমৎকার।

তবে ইদানীং শাকিব খান নয়, বরং অন্য নায়কদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এ নায়িকা।

প্রশ্ন: আপনি সবসময় বলে আসছিলেন, ভালো গল্প পেলে শাকিব খান ছাড়াও অন্য নায়কের সঙ্গে ছবি করবেন। এরইমধ্যে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন ও করছেন। আসলেই কী ভালো গল্প পেয়েছেন, নাকি লোকের সমালোচনা বন্ধ করতে এমন সিদ্ধান্ত?

বুবলী: যখন শাকিব খানের সঙ্গে একের পর এক ছবি করেছি তখন সেটা নিয়ে অনেকে সমালোচনা করতেন। আবার এখন যখন অন্য নায়কের সঙ্গে ছবি করছি, তখন আবার সমালোচনা হচ্ছে। দেখুন, অনেক ভালো গল্প হয়ত পাচ্ছি না। তবে ‍খুব ভালো কনটেন্টের কাজ হচ্ছে। হলিউড-বলিউডের তুলনায় আমাদের ইন্ডাস্ট্রি ছোট। তবুও আমাদের কাজ থেমে নেই। এটা পজিটিভ। ভালো গল্প, ভালো পরিচালকের সমন্বয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। পরিচালকের যদি মুন্সিয়ানা না থাকে তাহলে ভালো গল্পের সিনেমাও ব্যর্থ হয়। আবার একজন দক্ষ পরিচালক সাধারণ একটি গল্পকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন।

সিনেমা মানেই শুধু নায়ক নয়। এটি একটি টিম-ওয়ার্ক। এই টিম ভালো হওয়া জরুরি। এখানে একে অপরের সঙ্গে বোঝাপড়া ভালো থাকতে হয়। যদি আমার মনে হয় কোনো সিনেমায় অভিনয়ের সুযোগ আছে। নিজেকে মেলে ধরা যায়। ভালো টিম আছে। এই বিষয়গুলো মাথায় রেখে আমি অন্যান্য আর্টিস্টদের সঙ্গে কাজ করছি।

করোনার মধ্যেও অনেক ভালো কাজের প্রস্তাব পাচ্ছি। গল্প পছন্দ না হলে কাজ করছি না। আবার কোনো কোনো সিনেমা শিডিউল জটিলতার কারণে ছেড়ে দিতে হচ্ছে। এতে আমার নিজেরও খারাপ লাগে। কিন্তু কিছু করারও নেই।

প্রশ্ন: শাকিব খান আর অন্য নায়কের সঙ্গে কাজের মধ্যে কোনো পার্থক্য দেখেন?

বুবলী: অবশ্যই। শাকিব খান বাংলাদেশের বড় তারকা। কলকাতায়ও তার জনপ্রিয়তা আছে। আমার ক্যারিয়ার শুরু তার সঙ্গে। আমি ভাগ্যবতী, শাকিবের মতো একজন সুপারস্টারের সঙ্গে কাজ করতে পেরে। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা একরকম। অন্য নায়কের সঙ্গে কাজের অভিজ্ঞতা আরেকরকম। সবাই নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে কাজ করেন। তবে একটা জায়গায় সবার সাদৃশ্য আছে, তারা প্রত্যেকেই খুব কো-অপারেটিভ। সহশিল্পী হিসেবে সম্মান করেন। তাদের সঙ্গে বোঝাপড়াটাও দারুণ।

প্রশ্ন: অন্য নায়কের সঙ্গে অভিনয় কতটা ঝুঁকির?

বুবলী: শুধু সিনেমা না, আমার ঝুঁকি ক্যারিয়ার শুরু থেকেই ছিল। যখন খুব অল্প বয়সে নিউজ প্রেজেন্টার হিসেবে চাকরি শুরু করি তখন নিজেকে প্রমাণ করতে হয়েছে। পড়াশোনা করেছি, পাশাপাশি চাকরিও করেছি। সবসময় চেষ্টা ছিল ভালো কিছু করার। সফলও হয়েছি সেই চেষ্টায়। প্রাইম টাইমে নিউজ পড়ার যোগ্যতা অর্জনসহ রেপুটেশন নিয়ে কাজ করতে পেরেছি।

ঠিক একই রকম অভিজ্ঞতা হয়েছিল সিনেমায় আসার পর। আমি একদম নতুন তখন। অথচ অভিনয় করেছি দেশের প্রতিষ্ঠিত একজন নায়কের সঙ্গে। সেখানেও আমার ঝুঁকি ছিল। নিজেকে প্রমাণের স্ট্রাগল করেছি। এখন অন্য নায়কের সঙ্গে কাজ করছি, এটাও একধরনের ঝুঁকি। যদিও আমি এটাকে ঝুঁকি বলব না। চ্যালেঞ্জ বলতে চাই। কাজ করতে গেলে চ্যালেঞ্জটা নিতেই হয়। পর্দায় দর্শক কোন নায়কের সঙ্গে আমাকে কতটা গ্রহণ করবেন— এ বিষয়গুলো আমার মাথায় থাকে না। সৎ থেকে নিজের কাজটা ঠিকঠাক মতো করতে পারাটাই আমার কাছে আনন্দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *