ঢাকা: রাজধানীর গুলশানের সুবাস্তু টাওয়ারের বাসায় প্রেমিকের সঙ্গে অভিমান করে মোছা. জান্নাতুল নওরিন এশা (২২) নামে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আ ত্মহ ত্যা করেছেন। তিনি খুলনার কুখ্যাত এরশাদ শিকদারের মেয়ে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দিনগত রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (৪ মার্চ) ভোর ছয়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এশার ফুফাতো ভাই রুশো বলেন, ‘আমার ফুফা মৃত এরশাদ শিকদার। তার দ্বিতীয় স্ত্রী শোভা আক্তারের মেয়ে এশা। বর্তমানে গুলশানের শাহজাদপুর সুবাস্তু টাওয়ারের নবম তলায় এশা আমার ফুফুর সঙ্গে থাকতেন।’
তিনি আরও বলেন, ‘এশা সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। এক ছেলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তাদের মধ্যে মুঠোফোনে প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার সন্ধ্যায়ও তাদের ঝগড়া হয়।
‘রাতে মায়ের সঙ্গে খাবার খেয়ে এশা নিজের ঘরে ঘুমাতে যায়। ভোরে এশাকে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন ফুফু। পরে দরজা ভেঙে দেখেন, এশা গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলছে। এ সময় তার দুই হাতে ধারালো কিছু দিয়ে ক্ষতের চিহ্ন ছিল। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সকালে এক তরুণীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি গুলশান থানায় জানানো হয়েছে।
