ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির স্বামী অভিনেতা শরিফুল রাজ নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটির নাম ‘কাজল রেখা’। গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করবেন ছবিটি। এই নির্মাতার গুনিন’ ছবিটি করতে গিয়েই কাছাকাছি আসেন রাজ ও পরী। করেন বিয়ে।
সরকারি অনুদান প্রাপ্ত ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে নির্মিত হবে। নির্মাতা জানিয়েছেন, ‘কাজল রেখা’য় প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শরিফুল রাজ ও নবাগত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী।
এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ আরও অনেকেই।
ময়মনসিংহ গীতিকার ‘কাজল রেখা’ পালা থেকেই গিয়াস উদ্দিন সেলিমের সিনেমার গল্প।
সিনেমাটির প্রেক্ষাপট নিয়ে নির্মাতা বলেন, ‘ওই সময় নয় বছর বয়স হলেই সমাজের নিয়ম অনুযায়ী মেয়েদের বিয়ে দিতে হতো। কাজল রেখার বয়স যখন নয় হয়, তখন এক নতুন গল্প তৈরি হয়। এটাই আমার ছবির মূল গল্প। ছবির চিত্রনাট্য ও সংলাপ বিন্যাস করছি আমি নিজেই।’
নবাগত চিত্রনায়িকা মন্দিরা বলেন, ‘ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল বড় পর্দায় আসবো। সেলিম ভাইয়ের সঙ্গে অল্প বিস্তর কাজের অভিজ্ঞতা হলেও এবারেরটা একেবারে আলাদা। সব মিলিয়ে অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হচ্ছে।’
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটিতে পড়াশোনা করা মন্দিরা ২০১২ সালে ‘সেরা নাচিয়ে’ নামের নাচের প্রতিযোগিতা অংশ নিয়েছিলেন। সেখানে তিনি দ্বিতীয় রানারআপ হন। এরপর নিয়মিত অভিনয় ও মডেলিং করে যাচ্ছেন।
