ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী। ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ দিয়ে এই জগতে অভিষেক হয় তার। সম্প্রতি তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবি ও অন্যান্য প্রসঙ্গে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি-
প্রশ্ন: এ মুহূর্তে কোথায় আছেন?
বাপ্পী চৌধুরী: রংপুর গিয়েছিলাম। সেখান থেকে ঢাকা ফিরছি। শাপলা টকিজ প্রেক্ষাগৃহে দর্শকের সঙ্গে নিজের অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবি দেখে আনন্দ ভাগাভাগি করেছি।
প্রশ্ন: ছবিটি নিয়ে দর্শক সাড়া কেমন পাচ্ছেন?
বাপ্পী চৌধুরী: ছবিটি যারা দেখেছেন তাদের বেশ প্রশংসা পাচ্ছি। গল্পনির্ভর এ কমেডি ছবিতে দর্শক আমাকে নতুনরূপে দেখছেন। অপু বিশ্বাসের সঙ্গে আমার পর্দা রসায়ন দর্শক গ্রহণ করেছেন। তৃতীয় সপ্তাহে হলের সংখ্যা আরও বেড়েছে। বিগত কয়েক বছরে সিনেমা হলে দর্শকের এমন উপচে পড়া ভিড় কখনোই দেখিনি। অনেকেই বলেন, আমি শ্রমজীবী মানুষের নায়ক। এটা গর্ব করে আমিও বলতে চাই। শ্রমজীবী মানুষের পাশাপাশি সব শ্রেণির দর্শক ছবিটি দেখছেন।
প্রশ্ন: দর্শকদের উদ্দেশে ছবিটি নিয়ে কিছু বলবেন?
বাপ্পী চৌধুরী: আপনারা ছবির শেষ পর্যন্ত দেখবেন। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির শেষের ১০ মিনিটই অনেক মজার। এতে আমার সঙ্গে ছবির মূল নায়ক সাদেক বাচ্চুর দুর্দান্ত অভিনয়ের মুন্সিয়ানা রয়েছে। তাকে অনেক মিস করছি। তিনি বেঁচে থাকলে হয়তো তাকে বলতাম- তুমি আমার শ্বশুর হও বা না হও, কাকা আমার সব সময় জিন্দাবাদ।
উল্লেখ্য, ১১ই ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের চলচ্চিত্র ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত বাপ্পী চৌধুরী ও অপু বিশ্বাস জুটির এ ছবি মুক্তির পর থেকেই ভালো চলছে।
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে বাপ্পী-অপু ছাড়া আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী।সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা।
