সন্তানসম্ভবা হওয়ার ঘোষণা দিয়েছিলেন আগেই; এবার ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বামী শরিফুল রাজকে নিয়ে তোলা একটি ছবি ফেইসবুক পেইজে পোস্ট করে পরীমনি লিখেছেন, “শব্দেরা মিলে যায়।”
ছবিতে পরীমনি মুখায়বে মাতৃত্বের আভা ফুটে উঠেছে; অনাগত সন্তানকে পরম মমতায় যেন আগলে রাখছেন হবু বাবা-মা।
রাতে শরিফুল রাজ সংবাদমাধ্যমকে জানান, হবু মায়ের পাশে থাকতে আপাতত কোনো শুটিং রাখেননি তিনি; পরীমনি যত্ন নিয়ে সময় কাটছে তার। অবসরে ঢাকার আশে-পাশে ঘুরে আসছেন তারা।
গত ১০ জানুয়ারি হঠাৎ অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন পরীমণি। একইসঙ্গে জানান, তরুণ অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেছেন তিনি। তারা দু’জনেই নিশ্চিত করেন যে, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়েটা সেরে ফেলেন। প্রথম দেখা হওয়ার মাত্র সাতদিনের মাথায় তারা জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
এরপর গেল ২২ জানুয়ারি ঘরোয়া আয়োজনে সেজেগুজে বিয়ে করেন রাজ-পরী। সেখানে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শোবিজের ঘনিষ্ঠজনেরা।
